আমার আসল জায়গা অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রাতে আরটিভিতে প্রচারিত হবে ফ্যাশনবিষয়ক অনুষ্ঠান ‘শপারস গাইড’। এই একটি অনুষ্ঠানেই তানজিন তিশাকে দেখা যায় উপস্থাপকের আসনে। এটি ছাড়া তিশা শুধু অভিনয় নিয়েই থাকতে চান। তাঁর কাজের মাধ্যমগুলো নিয়ে কথা বললেন তিনি।
তানজিন তিশা
তানজিন তিশা

‘শপারস গাইড’ ছাড়া উপস্থাপনায় দেখা যায় না আপনাকে। কেন?
উপস্থাপনাটা শখের বসে করি। অভিনয়ে যুক্ত হওয়ার আগে থেকেই এই অনুষ্ঠানে কাজ করছি। ফলে এর প্রতি একটা মায়া জন্মে গেছে। চাইলেও ছাড়তে পারছি না। তবে আমার আসল জায়গা কিন্তু অভিনয়ই।
তাহলে এবার অভিনয়ের কথাই বলুন...
অনেকগুলো কাজ করছি। এর মধ্যে শেষ হয়েছে এক ঘণ্টার নাটক আত্মকাহিনী, ছক; টেলিছবি শ্যাডো; নূপুর ও মহীয়সী নারী নামে দুই খণ্ডের একটি নাটক।
এ ছাড়া ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করছি।
তাহলে সব ঈদের কাজের ব্যস্ততা?
না। কিছু নিয়মিত কাজও রয়েছে। তিনটি দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছি। এর মধ্যে পাল্টা হাওয়া
ও ময়না টিয়া ধারাবাহিক দুটির প্রচার চলছে। তিনকন্যা নামে আশুতোষ সুজন পরিচালিত
নতুন একটি ধারাবাহিকের প্রচার ১০ সেপ্টেম্বর শুরু হবে।
সম্প্রতি ভারত থেকে এলেন। সেখানে নতুন কোনো কাজ করলেন?
হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন অবলম্বনে টেলিছবি নির্মাণ করা হয়েছে। তাতে অভিনয় করতেই কলকাতায় গিয়েছিলাম।
এটি পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম। ঢাকা ও কলকাতায় এর শুটিং হয়েছে। কাজটি কিছুটা সিনেমার আদলে করা।
এটিকে আমার অভিনয়জীবনের একটি উল্লেখযোগ্য কাজ বলতে চাই। টেলিছবিটি প্রচারের জন্য অপেক্ষা করছি।
চলচ্চিত্রে অভিনয়ের কথাও শোনা যাচ্ছে আপনার...
হ্যাঁ। একটি গল্প নিয়ে অনেকবার কথা হয়েছে। গল্প খুবই ভালো লেগেছে। পরিচালকও ভালো। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখনো কিছু বলা যাচ্ছে না।