আমার একমাত্র গুরু ইউটিউব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসফি
তাসফি
বছরখানেক আগে ভারতের সনি মিউজিকের সহযোগী সংস্থা সনি ডিজিটাল অডিও ডিস্ক করপোরেশন (সনি ডিএডিসি) বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ থেকে এই প্রতিষ্ঠানের বিপণন ও পরিবেশনা অংশীদার ক্রেইন্স লিমিটেড। সনি ডিএডিসিকে দেশের শিল্পীদের জন্য স্থানীয় ও বিশ্বব্যাপী সংগীত পরিবেশনার একটি প্ল্যাটফর্ম বলতে চাইছে প্রতিষ্ঠানটি। বছরখানেক আগে এই প্রতিষ্ঠান বাপ্পা মজুমদার ও ব্যান্ড মাইলসকে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করে। এক বছর পর গায়িকা বিভাগে এ সময়ের শিল্পী তাসফিকে শুভেচ্ছাদূত করা হয়। গত শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাসফির নাম ঘোষণা করা হয়। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তাসফি।


আপনার সংগীতজীবন খুব বেশি দিনের নয়। এত অল্প সময়েই সনি ডিএডিসির শুভেচ্ছাদূত হলেন। এই অর্জনকে কীভাবে দেখছেন?

আমি সব সময় চাইতাম গান গাইব। কিন্তু আমাদের দেশে সংগীতশিল্পীদের গানের পাশাপাশি এত দিকে খেয়াল রাখতে হয়, তখন আসল কাজটাই আড়ালে চলে যায়। আমি খুবই আনন্দিত যে সংগীতজীবনের শুরুতে এমন একটি প্রতিষ্ঠানকে পাশে পাচ্ছি, যারা আমার হয়ে সবকিছু মেইনটেইন করবে। আমি শুধু গান করে যাব। সংগীতজীবনের শুরুতে কাঁধে অনেক বড় একটা দায়িত্ব চলে এল। এখন তো আমাকে শুধু দেশেই নয়, দেশের বাইরের সবার সামনে নিজেকে প্রমাণ করতে হবে।

গান করার ক্ষেত্রে পরিবার কতটা সহযোগিতা করেছে?

আমার আব্বা–আম্মা কেউই গানের মানুষ নন। প্রথমে যখন গান গাওয়া শুরু করলাম, তখন পরিবার থেকে বলত, ‘কী করছ, কোথায় যাচ্ছ, কিছুই তো জানি না।’ কিছুদিন পর তারা যখন দেখল, মানুষ আমাকে গানের জন্য সম্মান করছে, আলাদাভাবে চিনছে, তখন পরিবারের সমর্থন পাওয়া শুরু করলাম। সাধারণ মানুষের একটা ধারণা, মিডিয়ায় কাজ করলে শ্রদ্ধা–সম্মান পাওয়া যায় না। আমার পরিবারও তেমনটা মনে করেছিল।

গান শিখেছেন কোথায়?

প্রাতিষ্ঠানিকভাবে গানের তালিম নিইনি। আমার একমাত্র গুরু ইউটিউব। শুনে শুনেই গাইতে শেখা।

কার গান আপনাকে প্রভাবিত করে?

আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি বিয়ন্সের গান শুনে। পরিকল্পনা করে তো গানের জগতে আসিনি, তবে গান শুনতাম খুব মন দিয়ে। ২০১৩ সালে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখনো মজা করে গান গাইতাম। এরপর আস্তে আস্তে সিরিয়াস হতে শুরু করি।

পরিবারের বাইরে আর কেউ কি গানের ব্যাপারে উৎসাহ দিয়েছে আপনাকে?

আমার অঙ্গনের অনেকের কাছ থেকে প্রতিনিয়ত নানাভাবে উৎসাহ ও অনুপ্রেরণা পাই। ফাহমিদা নবী, তাহসান, শারমীন সুলতানা সুমী (চিরকুট), এলিটা, কোনাল—তাঁদের সবার কাছ থেকে অনেক কিছু শিখিও।

এখন কি কোনো ওস্তাদের কাছে তালিম নেওয়ার তাগিদ অনুভব করছেন?

বেশ কিছুদিন ধরে একজন ওস্তাদের কাছ থেকে তালিম নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। গানের চর্চার ব্যাপারে বলতে চাই, আমি আর বঞ্চিত হতে চাই না।

বাংলা ছাড়া আর কোনো ভাষায় গান করেন?

আমি বাংলার বাইরে ইংরেজি, তামিল, হিন্দি, জাপানিজ ও স্প্যানিশ গানও করি। আমার কাছে ভাষার পার্থক্যটা খুব ভালো লাগে। অনুভূতি একই, কিন্তু প্রকাশভঙ্গি ভিন্ন রকম।

সাক্ষাৎকার: মনজুর কাদের