আমার কোনো গানের সঙ্গে কোনো গানের মিল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় খান
হৃদয় খান

গত ২৪ জুলাই সংগীতার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ছেড়ো না’ শিরোনামে হৃদয় খান–এর গানের ভিডিও। এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া ভিডিওতে দেখা গেছে মডেল মেঘলাকে। আগামী ঈদুল আজহায় আরও একটি গানের ভিডিও প্রকাশ করবেন হৃদয়। কথায় কথায় জানালেন সেই খবরটিও।

‘ছেড়ো না’ গানের ভিডিও প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন?

ভালো সাড়া পাচ্ছি। মাত্র এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ভিডিওটি। গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ বার ইউটিউবে দর্শক গানটি দেখেছেন। এই গানটি একেবারেই নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি আমি।

কেমন?

এর আগে এ ধরনের গান করিনি আমি। এটি একটি পরীক্ষামূলক চেষ্টা বলতে পারেন। গানটি তেওড়া তালের। এর সুর ও সংগীত একেবারেই ভিন্ন। ইউটিউবে সাড়া দেখে মনে হচ্ছে, আমার চেষ্টা দর্শক-শ্রোতারা গ্রহণ করেছেন।

শুনছি, নতুন আরেকটি গানের ভিডিও তৈরি করছেন। সেটার খবর কী?

শুটিং শেষ। শুটিং হয়েছে কক্সবাজারে। এর মডেল জান্নাতুল পিয়া। গানের শিরোনাম এখনো ঠিক করিনি। মুক্তির প্রস্তুতি চলছে। দু-এক দিনের মধ্যে মুঠোফোন অ্যাপসে এই গানের অডিও প্রকাশ পাবে। ঈদের ঠিক আগে আগে আমার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করব।

এটাও কি পরীক্ষামূলক গান হবে?

চেষ্টা তেমনই থাকবে। আমার কোনো গানের সঙ্গে কোনো গানের মিল নেই। গায়কি ভঙ্গি ঠিক রেখে একটি গান থেকে আরেকটি গানের সুর ও সংগীতে ভিন্নতা আনার চেষ্টা সব সময়ই করি।

নতুন গানের ভিডিও কি আপনি নিজেই পরিচালনা করেছেন?

হ্যাঁ, নিজেই পরিচালনা করেছি। এর আগেও আমার বেশ কয়েকটি গানের ভিডিও পরিচালনা করেছি। নিজের সুর ও সংগীত করা গানের ভিডিও নিজে পরিচালনা করলে যে ছবি মাথায় রেখে গানটি তৈরি করেছি, তা ফুটিয়ে তোলা সহজ হয়।

সাক্ষাৎকার: শফিক আল মামুন