আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছি
চরকিতে মুক্তি পাওয়া খাঁচার ভেতর অচিন পাখি রায়হান রাফির স্বপ্নের প্রকল্প। পরিত্যক্ত এক কারখানায় আটকা পড়া দুজন মানুষকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প, যাদের একজন রাজনীতিবিদ ফিরোজ খান, অন্যজন পাখি। এই পাখি চরিত্রটি করে সাড়া ফেলে দিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা।
প্রশ্ন :
বেশ কয়েকবার কল দেওয়ার পর পাওয়া গেল। ব্যস্ত নাকি?
সামনের মাসে আমেরিকায় যাচ্ছি। এক মাসের পারিবারিক সফর। তারই প্রস্তুতি চলছে।
প্রশ্ন :
‘খাঁচার ভেতর অচিন পাখি’তে গ্ল্যামারহীন নতুন এক তমা মির্জাকে পাওয়া গেল।
ক্যারিয়ারের শুরুতে মূলত গ্ল্যামারাস চরিত্রে কাজ করেছি। এখনো করছি। তবে এখন ছবির গল্পের মধ্যে, চরিত্রের মধ্যে ডুবে যেতে চাই। গতানুগতিক ধারার বাইরে এমন কিছু কাজ করতে চাই, যা মানুষ মনে রাখবে। এর আগে শাহনেওয়াজ কাকলির নদীজন ছবিতে অভিনয় করেছিলাম। এ ছবি আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। সেবার আমার কনফিডেন্স বাড়ে। খাঁচার ভেতর অচিন পাখিও আমার জন্য খুবই চ্যালেঞ্জিং চরিত্র। পাখি মফস্বলের মেয়ে। একটি ফ্যাক্টরিতে কাজ করে। একসময় সেখানে আটকা পড়ে…। অনেক প্রস্তুতি নিয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে লুক চেঞ্জ করতে হয়েছে। অনেক প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। গল্পের সঙ্গে লুক–ফিল যেটা ডিমান্ড করেছে, সেভাবে কাজ করেছি। এমন নয় যে অপ্রয়োজনে মুখে কালি মেখে লুক চেঞ্জ করা হয়েছে। আমি নিশ্চিত, এই কাজ মানুষ অনেক দিন মনে রাখবে। আমি তো মনে করি, বাংলাদেশে এ ধরনের কাজ আগে হয়নি। চার দেয়ালের একটা ঘরে পুরো একটা গল্প। আস্তে আস্তে গল্পটা খুলে। ছবির একদম শেষে গিয়ে বোঝা যায় গল্পটা আসলে কী।
বাংলাদেশে এ ধরনের কাজ আগে হয়নি। চার দেয়ালের একটা ঘরে পুরো একটা গল্প। আস্তে আস্তে গল্পটা খুলে। ছবির একদম শেষে গিয়ে বোঝা যায় গল্পটা আসলে কী।
প্রশ্ন :
সাফল্যের রহস্যটা কী?
আমি আসলে সেরা একটা টিম পেয়েছিলাম। পরিচালক রায়হান রাফি, ক্যামেরায় রাজীব ভাই, সহশিল্পী বাবু ভাই—সব মিলিয়ে দারুণ একটা টিমের সঙ্গে কাজ করেছি আমরা। সেরা মানুষদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার কাজটাও অটো ভালো হয়ে যায়। আসলে যখন অনেক ভালো ভালো শিল্পীর সঙ্গে কাজ করা হয়, তখন কাজটা আলটিমেটলি বেরিয়ে আসে। আমার জায়গা থেকে আমি শতভাগ চেষ্টা করেছি। আমার যতটুকু কমতি ছিল, বাবু ভাই, রাফি ভাইয়ের মুনশিয়ানায় তা-ও পূরণ হয়ে যায়। পরিচালকের পরামর্শে নিজেকে ভিন্নভাবে তৈরি করেছি। তৃষ্ণা ও খাবারের ক্ষুধা যেন চেহারায় বোঝা যায়, সে জন্য খুব কম খেতাম। সকালে হালকা নাশতা, দিনে হালকা ফলমূল। এমনও হয়েছে, সারা দিন খালি পেট, রাতে হোটেলে ফিরে হালকা কিছু খেলাম আরকি। আপনি তো ছবিটা দেখেছেন। ওই যে একটা সিন আছে না, পাউরুটি খাচ্ছি। ওটা সত্যি সত্যি ময়লা ছিল। কলের টেপে মুখ লাগিয়ে পানি খাওয়ার দৃশ্যটাও ন্যাচারাল ছিল, আমাকে ওই ময়লা পানিই খেতে হয়েছে।
প্রশ্ন :
কেমন সাড়া পেলেন?
যথেষ্ট ভালো সাড়া পেয়েছি। প্রচুর কল, এসএমএস পেয়েছি। যারা একবার দেখেছে, প্রশংসা করেছে। এখন তো নতুন চ্যালেঞ্জ। ব্যাক টু ব্যাক দু–তিনটা ভালো কাজ যাওয়ার পরে হুট করে যেকোনো কাজে যাওয়া যায় না। তা ছাড়া যেহেতু বেশ কিছুদিন দেশে থাকব না, তাই কাজ আমি শুরু করিনি। জানুয়ারিতে দেশে ফিরে আশা করি পুরোদমে কাজ শুরু করব। কয়েকটি ভালো কাজে নিজেকে প্রমাণ করতে পেরেছি, ঠিক করেছি, এখন একদম বেছে বেছে কাজ করব।
প্রশ্ন :
সামনে দর্শক আপনাকে নতুন কোন কাজে দেখবে?
আনন্দী ছবিটির কাজ শেষ করলাম। ডাবিংও শেষ। যৌনপল্লির শিশুদের জীবনের গল্প। দৌলতদিয়া যৌনপল্লিতে শুটিং করেছি। সে এক অন্য রকম অভিজ্ঞতা। অনেক কিছু শিখতে পেরেছি এ ছবি করতে গিয়ে। অন্যদিকে ফ্রম বাংলাদেশ ছবিরও কাজ প্রায় শেষ। আমার শুটিং শেষ, ডাবিং বাকি আছে। এটিও মুক্তিযুদ্ধের সময়কার গল্পের ছবি। সাদাকালো ছবি।
যারা একবার দেখেছে, প্রশংসা করেছে। এখন তো নতুন চ্যালেঞ্জ। ব্যাক টু ব্যাক দু–তিনটা ভালো কাজ যাওয়ার পরে হুট করে যেকোনো কাজে যাওয়া যায় না। তা ছাড়া যেহেতু বেশ কিছুদিন দেশে থাকব না, তাই কাজ আমি শুরু করিনি। জানুয়ারিতে দেশে ফিরে আশা করি পুরোদমে কাজ শুরু করব।
প্রশ্ন :
শুনলাম প্রযোজনায়ও আসছেন।
ঠিকই শুনেছেন। ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে কাজও শুরু করে দিয়েছি। তবে কাজটা সিরিয়াসলি করছি, করব। তবে ধীরে, সাবধানে এগোব। আমরা কষ্টার্জিত অর্থের যথাযথ বিনিয়োগ করব। আমি চাই, আমার টাকাটার প্রপার ইউটিলাইজ হোক। ইতিমধ্যে তৌকীর ভাইয়ের সঙ্গে একটা চুক্তিও করেছি। কিছুটা বিনিয়োগও করেছি। পরে তিনি আমেরিকায় চলে গেলেন, কোভিডের নতুন ঢেউ এল, আমাদের কাজটাও পিছিয়ে গেল।