আমার মূল পেশা হবে শিক্ষকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ণব l ছবি: প্রথম আলো
অর্ণব l ছবি: প্রথম আলো

আগামীকাল কলকাতার নজরুল মঞ্চে গান গাইবে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। গতকাল অর্ণব তাঁর দল নিয়ে ভারতের উদ্দেশে রওনা হন। যাওয়ার আগে অর্ণব কথা বলেছেন তাঁর এবারের ভারত সফর, নতুন অ্যালবাম এবং চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিয়ে

নেপালের ভূমিকম্প–দুর্গতদের সহায়তার জন্য কলকাতায় গাইতে যাচ্ছেন?
হ্যাঁ। ‘ভালো থেকো নেপাল’ শিরোনামের কনসার্টে গাইব। এতে কলকাতার কয়েকটি প্রখ্যাত গানের দলও অংশ নেবে। কলকাতার বাংলা নাটক নামের একটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। যেহেতু এটি একটি মানবিক ব্যাপার, তাই আমরা রাজি হয়েছি। এ ধরনের আরও দুটি শো গোয়া ও দিল্লিতে হওয়ার কথা আছে।
এর বাইরে আর কোনো আয়োজনে অংশ নেবেন?
হ্যাঁ। দিল্লিতে আমার একটি গানের রেকর্ডিং হবে। দুই বাংলার লোকগানের ধারা নিয়ে একটি গান তৈরি হবে। তাতে আমার কণ্ঠ দেওয়ার কথা আছে। এ ছাড়া দিল্লিতে প্রতিবছর ‘ম্যাংগো ফেস্টিভ্যাল’ হয়। সেখানেও আমরা অংশ নেব।

আপনার নতুন অ্যালবাম ‘খুব ডুব’ নিজ হাতে শ্রোতাদের কাছে বিক্রি করছেন। কেমন সাড়া পেলেন?
খুবই ভালো। একটু কষ্ট হয়েছে, তবে আনন্দও পেয়েছি। আমার গানের যাঁরা ভক্ত তাঁদের কাছে পেয়েছি। তাঁদের চিনেছি। এ ছাড়া আমার নিজ হাতে আঁকা ছবিও শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। শ্রোতারা বিষয়টি উপভোগ করছেন।
ভারতেও কি ‘খুব ডুব’ নিয়ে যাচ্ছেন?
কলকাতার অনুষ্ঠান আয়োজকদের চাহিদা অনুযায়ী ২০০ কপি সঙ্গে নিয়ে যাচ্ছি।
ভারত থেকে ফিরেই কি চলচ্চিত্র নির্মাণে হাত দেবেন?
না। আরও কিছু কাজ বাকি আছে। গল্প লেখার কাজ চলছে। এ ছাড়া নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে চার সপ্তাহের একটি কোর্স করার কথা ভাবছি। আগামী জুলাইয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হচ্ছে না। পরের সেশনে ভর্তি হব। ওখান থেকে ফিরেই কাজ শুরু করব।
চলচ্চিত্র কি নিয়মিতই বানাবেন?
না। আমি ভিজ্যুয়াল আর্ট নিয়ে পড়ালেখা করেছি। এই বিষয়েই ছাত্রছাত্রীদের পড়াতে চাই। সে বিষয়ে অভিজ্ঞতা নিতেই আপাতত একটা ছবি বানাতে চাই। আমার মূল পেশা হবে শিক্ষকতা। পাশাপাশি গান।