আমি অত এগিয়ে থাকা মানুষ নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে যোগ দিতে আবারও ঢাকায় এসেছেন পবন দাস বাউল। গতবারও এই উৎসবে এসেছিলেন ফ্রান্সনিবাসী এই শিল্পী। গতকাল শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে শব্দযন্ত্র নিরীক্ষার ফাঁকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।
পবন দাস বাউল l ছবি: কবির হোসেন
পবন দাস বাউল l ছবি: কবির হোসেন

গত বছর এই উৎসবের সময়েই আলাপ হয়েছিল আপনার সঙ্গে। কেমন আছেন, কেমন কাটল বছরটা?
খুব সাদাসিধেভাবেই কেটে গেছে। ভালোই কেটেছে বলা যায়।
গান করতে কোথাও যাননি?
তেমন কোথাও যাইনি। এপ্রিল বা মে মাসে স্পেনের বার্সেলোনায় গাইতে গিয়েছিলাম। আমি ছাড়াও ছিলেন শিল্পী স্বপন চৌধুরী ও সাহাবুদ্দিন ফকির। তাঁদের সঙ্গে আলাপ করে খুব ভালো লেগেছে। খুব মজার মানুষ তাঁরা। বাঙালি আরও অনেক শিল্পীও ছিলেন সেখানে।
কী করছেন এখন? কীভাবে কাটছে আপনার দিন?
ফ্রান্সের সব থেকে বড় থিয়েটার কোম্পানি সোলাই-এর সঙ্গে যুক্ত হয়েছি। আমি আর মিমলু (পবনের স্ত্রী) সেটার কিছু আর্টিস্টিক কাজে সহযোগিতা করব।
নতুন কোনো গান বেঁধেছেন?
গান তো অনেক করেছি। তিনখানা অ্যালবামের জন্য গান রেডি করে রেখেছি। কখন কোথায় কীভাবে কী করব, এখনো জানি না। এসব রেডি করতে নিজের অনেক টাকা খরচা করে বসে আছি। পাইরেসির কারণে শিল্পীর কোনো লাভ হচ্ছে না।
বলেছিলেন অনলাইনে গান ছাড়বেন। সেসবের কোনো অগ্রগতি আছে?
আমার হেল্প দরকার, আমি তো অত এগিয়ে থাকা মানুষ নই, খুব সাধারণ একটা মানুষ আমি। কত কিছুই করা দরকার, কিছুই করা হয়নি।
গতবার এ উৎসবে কেমন লেগেছিল?
খুব আনন্দ লেগেছিল। কিন্তু ব্যক্তিগতভাবে হ্যাপি হতে পারিনি, সাউন্ডে খুব গন্ডগোল হচ্ছিল। যখন স্টেজে উঠেছি, নিজেই ঠিকমতো শুনতে পাচ্ছিলাম না, মনিটর পাইনি।
স্যাম মিলসের সঙ্গে এবারের প্রস্তুতি কেমন?
রিয়েল সুগার থেকে দুটো গান শোনাব, কোন দুটো এখন যেন জানতে চাইবেন না। কিছু পুরোনো বাংলা গান, পুরোনো অনেক লেখকের গান মেলোডিয়াস করে তৈরি করেছি। সেগুলোর জন্য অনেক ধ্যান করতে হয়েছে।
সাক্ষাৎকার: রাসেল মাহ্‌মুদ