আমি আসলে পরিচালকের শিল্পী : জাকিয়া বারী মম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আজ রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে দেখানো হবে নাটক বন্ধু। তাজিন আহমেদের লেখা ও উজ্জ্বল মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, মম, রোদ্দুর, টুনটুনি, রিয়াদ আশরাফসহ আরও অনেকে। এই নাটকটি ও নিজের সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
জাকিয়া বারী মম
জাকিয়া বারী মম

এত শব্দ যে! কোথায় আপনি?
শুটিংয়ে। রাশেদ রাহার এক পর্বের নাটক মিতা অথবা ছুটির গল্প-এর শুটিং।

নাটকে আপনার নায়ক কে?
নায়ক দুজন; আজাদ আবুল কালাম আর ওমর আয়াজ।

‘বন্ধু’ নাটকের কথা বলেন।
সেই ঈদুল আজহার সময় শুটিং হয়েছিল। আমার চরিত্রের নাম জয়িতা। খুবই ইমোশনাল নাটক। এতে আমার নায়ক রিয়াজ ভাই। তিনি তো আমার প্রথম নায়ক।

অভিনেতা রিয়াজের সঙ্গে আবার কবে সিনেমায় দেখা যাবে?
আমার ভীষণ ইচ্ছা করে, কিন্তু সিনেমার সিদ্ধান্ত তো অন্যরা নেয়। তবে রিয়াজ ভাইয়ের সঙ্গে সব সময় আড্ডা হয়, ফোনে কথা হয়। তিনি অন্য রকম এক ভালো মানুষ।

‘ছুঁয়ে দিলে মন’ নিয়ে তোলপাড় উপভোগ করছেন?

সেই শুরুর দিনের মতোই। দর্শকেরা দারুণ সাড়া দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি কলকাতায় দেখানো হবে ছবিটি। আশা করছি সে সময় ওখানে থেকে ছবিটি দেখব।

শুধু ছবি করেই যাচ্ছেন, নাকি ছবি দেখার সময়ও পান?
পাই না। তবে কদিন আগে দেখলাম দিল ধাড়কানে দো, এর আগে দেখেছি টু স্টেট ছবিটি।

ঢাকার বাইরের ছবির প্রস্তাব পেলে?
বিদেশের ছবি পেলেই ঝাঁপিয়ে পড়ব না। প্রথমত গল্পটি ভালো হতে হবে, দ্বিতীয়ত হতে হবে ভালো পরিচালক। আমি আসলে পরিচালকের শিল্পী। ভালো পরিচালকের সঙ্গে কাজ করার ব্যাপারে দুর্বলতা আছে। ভালো পরিচালক আমার ভেতর থেকে কাজটি বের করে নিতে পারবেন। এটা দেশে হোক বা বিদেশেই হোক।

তা হলে সিনেমায় নিয়মিত দেখা যাবে আপনাকে?
অভিনয় করব। সেটা নাটক হোক আর সিনেমা। রোমান্টিক চরিত্রে স্বস্তিবোধ করি, দর্শকেরাও পছন্দ করেন। রোমান্টিক চরিত্রেই দেখা যাবে আশা করি।

কাজের চাপ কেমন?
ভীষণ। ভালোবাসা দিবসের নাটকগুলোর শেষ মুহূর্তের কাজ করছি। আর ঈদের কয়েকটি নাটকের কাজও শুরু হয়ে গেছে।