আমি একটি সিনেমা বানাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান মিলন। ছবি: প্রথম আলো
আনিসুর রহমান মিলন। ছবি: প্রথম আলো

গত রোজার ঈদে ‘রাজনীতি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা আনিসুর রহমান মিলন। আগামী ঈদেও আসছে তাঁর অভিনীত নতুন ছবি ‘বিজলী’। এবার সিনেমায় অভিনয়ের নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আহসান মাহমুদ

শুনেছি আপনি ঢাকার বাইরে?
হ্যাঁ। আমি আজ (বৃহস্পতিবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি সিনেমার শুটিংয়ে আছি। সিনেমাটির নাম ‘যুদ্ধশিশু’। দুই দিন শুটিং করে ঢাকায় ফিরব। তারপর ঈদের নাটকের কাজ শুরু করব।

আগামী ঈদের জন্য কোনো নাটকের কাজ কী শেষ হয়েছে?
না। ৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত একটানা ঈদের নাটকের শুটিং করব। নাটকগুলো পরিচালনা করবেন এস এ হক অলিক, রায়হান খান, সুমন আনোয়ার, চয়নিকা চৌধুরী, আবু হায়াত মাহমুদ, সকাল আহমেদ, শাহেদ-উন নবী প্রমুখ। একটি তিন পর্বের নাটকসহ অন্যগুলো হলো টেলিছবি ও একক নাটক।

আপনার ক্যারিয়ারে গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাজনীতি’র প্রভাব কেমন?
খুব ইতিবাচক প্রভাব ফেলেছে। ছবিটি মুক্তির পর সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার বিশ্বাস বেড়ে গেছে। এর জন্য অনেক নতুন ছবিতে কাজের প্রস্তাব পাচ্ছি। সিনেমা জগতে যাঁরা ভালো নির্মাতা হিসেবে পরিচিত, শুনেছি তাঁরা আমাকে নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন।

সিনেমা ক্যারিয়ার নিয়ে কী আলাদা কোনো পরিকল্পনা আছে?
আমার পরিকল্পনা হচ্ছে ভালো সিনেমা হাতে আসামাত্র করব। যেনতেন সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছাই আমার নাই।

সিনেমায় অভিনয়ের জন্য নিজেকে কেমন পরিবর্তন করতে হয়েছে?
অনেক রকমের পরিবর্তন করতে হয়েছে। সিনেমার ভেতরে মনোযোগ দিতে না পারলে ভালো অভিনয় করা সম্ভব হয় না। টেলিভিশন মিডিয়া থেকে এসে পুরো প্রস্তুতি নিয়ে কাজ করতে হয়েছে। তবে আমার প্রস্তুতি পুরোপুরি ছিল।

কতগুলো ছবিতে এখন কাজ করছেন?
বেশ কিছু ছবির কাজ এরই মধ্যে শেষ করেছি। এগুলো হলো তানিম রহমান অংশুর পরিচালনায় ছবি ‘স্বপ্ন বাড়ি’, অরুণ চৌধুরীর ‘আলতাবানু’, শাহ আলম মণ্ডলের ‘সাদা কালো প্রেম’, হাবিবুর রহমান হাবিবের ‘রাত্রির যাত্রী’ ও রাশেদ পলাশের ‘নাইওর’। এ ছাড়া আরও তিনটি ছবিতে কাজ করার কথা চলছে।

নাটকে অভিনয় কি ছেড়ে দেবেন?
নাটকে অভিনয় ছাড়ব না। ২০১২ সাল থেকে ‘দেহরক্ষী’ সিনেমা দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেছিলাম। তখন থেকেই পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছি। তখন থেকে আমি নাটক এবং সিনেমায় একসঙ্গে কাজ করে যাচ্ছি। আমাকে চেনে মানুষ নাটক দিয়েই। সিনেমাতে অনেক সময় দিতে হয়। এ কারণে নাটকের মানুষ বলে, মিলন হয়তো নাটক ছাড়বে।

অভিনয় ছাড়া আর কোনো কিছু করার ইচ্ছা আছে কি?
পরিচালনা খুব টানে। আর লেখালেখি করার চেষ্টাও করি। গত রোজার ঈদে একটি নাটকের গল্প লিখেছিলাম। সেটি বাংলাভিশনে প্রচার হয়েছিল। এর মধ্যে ‘বোধ’ নামে এক পর্বের নাটকের মূল ভাবনা তৈরি করে দিয়েছি। আমি পরিচালনাতেই বেশি আগ্রহ পাই। তবে আমি একটি সিনেমা বানাব। সেটা যত দেরিই হোক না কেন।