আমি একা টিমটিম করে জ্বলছি: হাসান ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সৈয়দ হাসান ইমাম
সৈয়দ হাসান ইমাম
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ বিজয়ীদের হাতে ১১ মে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ষীয়ান থেকে শুরু করে একেবারে শিশুশিল্পীরাও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় সেদিন। তাঁদের ভালো লাগা ও ভবিষ্যৎ কাজ নিয়ে কথা বলেছেন দুই প্রজন্মের দুই বিজয়ী সৈয়দ হাসান ইমাম ও বিদ্যা সিনহা মিম। সাক্ষাৎ​কার নিয়েছেন হাবিবুল্লাহ সিদ্দিক

প্রশ্ন: আজীবন সম্মাননা পাওয়ার পর কেমন লাগছে?

উত্তর: আজীবন সম্মাননা পেলে তো ভালোই লাগে। এর মধ্য দিয়ে সারা জীবনের কাজের একটা স্বীকৃতি পাওয়া যায়। আমাদের সময়ের সবাই তো অবসর নিয়েছে। অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি একাই টিমটিম করে জ্বলছি। তো সেই জায়গায় থেকে পুরস্কার পাওয়া কিন্তু আনন্দের। এই যে রানী সরকার পুরস্কার পেল, ও কিন্তু আমার চেয়ে নয় বছরের ছোট। আমার সমসাময়িক কিন্তু কেউ নেই। এখনো যে মানুষ মনে রেখেছে, এটাই ভালো লাগে।

প্রশ্ন: টিমটিম কোথায়? আপনি এখনো দিব্যি কাজ করছেন...

উত্তর: তা বলতে পারো। এ বছরও আমি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছি। নিয়মিত টিভি নাটকেও অভিনয় করছি। অভিনয় করে আনন্দ পাই, এ কারণেই করা। শুধু তাই নয়, শাহ আলম মণ্ডলের ছবি সাদা কালো প্রেম-এ সম্প্রতি গানও গেয়েছি একটা। বলতে পারো নতুন একটা ডিপার্টমেন্ট (বিভাগ) খুললাম। হা হা হা। সাবিনা ইয়াসমীনের সঙ্গে ডুয়েট গান গাইলাম।

প্রশ্ন: তাহলে সম্মাননা তো আপনার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

উত্তর: এটা আসলে দায়িত্ব বাড়া-কমার ব্যাপার না। আমরা চিরকালই দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং করছি। তবে আমি চলচ্চিত্রকে খুব বেশি প্রাধান্য দিতে পারিনি। কারণ, দেশকে সময়ে দিতে হয়েছে। মুক্তিযুদ্ধের সময় একটা বিরতি দিয়েছি। ঘাতক দালাল নির্মূল আন্দোলনের সময় বিরতি গেছে। এ ছাড়া দেশের বাইরেও থেকেছি সাত বছর। সব মিলিয়ে জীবনের অনেকটা সময় এ মাধ্যম থেকে দূরে ছিলাম। দেশকে বাদ দিয়ে তো আর চলচ্চিত্র নয়। তাই সব সময় আগে দেশকে প্রাধান্য দিয়েছি।

প্রশ্ন: নতুনদের জন্য কোনো পরামর্শ আছে?

উত্তর: এখনকার সময়টা কিন্তু আমাদের সময়ের মতোই। কিছু ছেলেমেয়ে খুব ভালো কাজ করছে। আবার সাধারণ মানের কাজও অনেকে করছে। এটা সব সময়ই হয়ে থাকে। তবে সত্যি বলতে, ভালো কাজ করা ছেলেমেয়ের সংখ্যাটা কিন্তু বেশি। নতুনদের জন্য আমার পরামর্শ হলো, যত দিন পর্যন্ত কাজের ওপর ভালোবাসা থাকে, তত দিন পর্যন্ত কাজ করা উচিত। এটা বয়সের ব্যাপার না, ভালোবাসার ব্যাপার। তাই ভালোবেসেই সব কাজ করা উচিত।


আরও পড়ুন