
অনেক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত আছেন নাবিলা। গত সপ্তাহে প্রথমবারের মতো এই মাধ্যম থেকে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন। তার ঠিক দুই দিন আগে সপ্তাহখানেক ঘোরাঘুরি শেষ করে ঢাকায় ফেরেন তিনি। একুশে টেলিভিশনে প্রচার হতে থাকা ‘এক ডিশ দুই কুক’ অনুষ্ঠানসহ আরও কিছু বিষয়ে কথা বলেন এই মডেল ও অভিনেত্রী।
সময় পেলেই কি ভ্রমণে বের হন?
সময় পেলে না, ভ্রমণের জন্য সময় বের করে নিই। ভ্রমণে সবচেয়ে বড় সুবিধা, কোনো ধরনের পিছুটান থাকে না। কোনো কাজের চিন্তা নেই। কেউ আমাকে কাজের জন্য চাপ দিচ্ছে না। সবচেয়ে বড় ব্যাপার মানসিক প্রশান্তি। নতুন অনেক কিছু জানা যায়।
ঘুরে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোথায়?
আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্যাংকক। যতবারই যাব, মনে হবে নতুন। ব্যাংককে প্রথমত আমি কেনাকাটা করতে পছন্দ করি। এবার ব্যাংকক থেকে ইন্দোনেশিয়া গিয়েছিলাম। আমি দেখলাম, তারা তাদের পর্যটক ধরে রাখার জন্য অনেক ধরনের উদ্যোগ নেয়। এবার ব্যাংককে আমি সিয়াম নিরামিট নামের একটি নাটক দেখেছি। আমার মনে হয়েছে ওরা ওদের সংস্কৃতিটাকে খুব সুন্দরভাবে ধরে রেখেছে। নাটকটি এত অদ্ভুত সুন্দর, আমি দেখে কেঁদে ফেলেছিলাম। প্রতিদিন শো হয় এবং প্রতিদিনই হাউসফুল থাকে।
দেশের বাইরে গেলেই কি নিয়ম করে নাটক-সিনেমা দেখেন?
সব সময় দেখার চেষ্টা করি। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি। এতে সে দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায়।
‘এক ডিশ দুই কুক’ উপস্থাপনা করে কেমন লাগছে?
‘এক ডিশ দুই কুক’ অনুষ্ঠানের ধরন এবং এর নির্মাণ–পরিকল্পনা শুনে ভালো লেগেছে। এটাকে রান্নার অনুষ্ঠান বললে ভুল হবে। রান্না এই অনুষ্ঠানের একটা অংশ। এটা ফ্যামিলি শো। পরিবারের একজন মানুষকে আমরা স্পেশাল ফিল করাব, তাঁর জন্য একটা ডিশ রান্না করা হয়। আমার জীবনের সেরা অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠান করতে গিয়ে আমার মধ্যে যে উত্তেজনা কাজ করেছে, তা শুধু আয়নাবাজি মুক্তির সময় অনুভব করেছিলাম। এর বাইরে কোনো টেলিভিশন অনুষ্ঠান করতে গিয়ে এমনটা হয়নি। একজন মানুষকে একদম সত্যিকার চমক দিচ্ছি। সব মিলিয়ে এই অনুষ্ঠানে অনেক আবেগঘন ব্যাপার থাকে। তাই কাজটা করতেও বেশ আনন্দ পাই। শুটিংয়ের সময় ভয়ে ছিলাম। সম্পাদনার পর দেখে খুব ভালো লেগেছে। আমি খুবই খুশি, আয়নাবাজি সিনেমার পর এ ধরনের একটা ভালো শোর মাধ্যমে ফিরে আসছি।
‘আয়নাবাজি’র পর সিনেমার প্রস্তাব পেয়েছেন?
খুব যে পেয়েছি তা না। একদম নাচে-গানে ভরপুর কয়েকটা সিনেমার ব্যাপারে কেউ কেউ যোগাযোগ করেছেন। ফর্মুলা সিনেমায় কাজ করতে আমি আগ্রহী নই। আয়নাবাজির মতো যদি তেমন গল্প পাই, তাহলে কাজ করতে চাই।
সাক্ষাৎকার: মনজুর কাদের