গতকাল রোববার ৭৭ বছরে পা রাখলেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান। বেশ কিছু অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনে অংশ নিয়ে দিনটি কাটিয়েছেন তিনি। এরই ফাঁকে বিকেলে কথা বললেন প্রথম আলোর সঙ্গে।
প্রথম আলোর পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ। আপনাদেরও শুভেচ্ছা জানাই। তবে আমি জন্মদিনের ব্যাপারটা খুব বেশি বিশ্বাস করি না। আমি চলে যাওয়াটা বিশ্বাস করি।
জন্মদিন কীভাবে কাটাচ্ছেন?
সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর রান্না খেয়ে বের হয়েছি। চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিই। সেখানে চলচ্চিত্রের অনেকেই ছিলেন। সবার সঙ্গে ভালো সময় কেটেছে। নায়িকা পপিরও জন্মদিন ছিল। সবাই মিলে আড্ডা দিয়েছি। এখন বাড়িতে। এই তো।

গত ৭৬ বছরের প্রাপ্তির হিসাব করেছেন কখনো?
আমার জীবনের সেরা প্রাপ্তি হলো, আমি কারও সাহায্যের ধার ধারিনি। আমি বিশ্বাস সঙ্গে নিয়ে পথ চলি। আমার ভেতরে যত দিন বিশ্বাস থাকবে, তত দিন আমার আর অপ্রাপ্তি বলে কিছু থাকবে না। বিশ্বাস যেদিন নষ্ট হবে, সেদিন প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে সমস্যায় পড়ব।
তাহলে কোনো অপ্রাপ্তি নেই আপনার?
একটা অপ্রাপ্তি আছে। সেটা হলো, আমি কোনো মেয়ের ভালোবাসা পাইনি। এ জন্য আমার মুখশ্রী দায়ী (হাসি)।
নতুন কেউ যদি চলচ্চিত্রে আসতে চায়, তাদের জন্য কোনো পরামর্শ?
একটাই পরামর্শ, বাংলা ভাষা ঠিকমতো বলা শিখে তারপর চলচ্চিত্রে এসো। কারণ, আমাদের চলচ্চিত্র তো বাংলা ভাষার। বিশেষ করে ধ্বনিতত্ত্বটা শিখে তবেই চলচ্চিত্রে নাম লেখানো উচিত।
ভক্তদের কিছু বলতে চান?
ভক্তদের বলি, তোমরা অনুমানকে ভালোবেসো না। সত্যিকারের ভালোবাসায় থাকো। সবার জন্য শুভকামনা।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক