আমি খেতে খুব পছন্দ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ-২০১৫’ অনুষ্ঠানের বিচারকের আসনে অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। প্রথমবারের মতো রান্নাবিষয়ক অনুষ্ঠানের বিচারক তিনি। ভালো রন্ধনশিল্পী বলেও খ্যাতি আছে তাঁর। বিচারকের আসনে বসে কেমন উপভোগ করছেন অনুষ্ঠানটি। কথা হলো তাঁর সঙ্গে

তারিক আনাম খান l ছবি: প্রথম আলো
তারিক আনাম খান l ছবি: প্রথম আলো

রান্নার অনুষ্ঠানের বিচারক তারিক আনাম খান! তিনি নিজে কী কী রান্না করতে পারেন?
(হাসতে হাসতে) আমি আসলে বাঙালি রান্নার বেশির ভাগই করতে পারি। যেমন: ভাত, ডাল, ভর্তা, মাছ। মজার ব্যাপার হলো, আমার রান্না যাঁরা খেয়েছেন, তাঁরা কেউই খারাপ বলেননি। তাই বলতে পারি, আমি ভালোই রান্না করি।
এর মধ্যে সবচেয়ে সুস্বাদু হয় কোন রান্না?
আমি তো বলতে পারব না। তবে বেগুন ও কুমড়ার বড়ি দিয়ে আমার মাছ রান্নার বেশ সুনাম আছে। রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা।
রান্নার অনুষ্ঠানের বিচারক হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ আছে?
হ্যাঁ, একটা বিশেষ কারণ আছে। তা হলো আমি খেতে খুব পছন্দ করি। শুধু আমি নই, আমার ধারণা, ভালো খাবারের ‘ক্ষুধা’ সবারই আছে। তাই আমি মনে করি রান্না একটা শিল্প। প্রত্যেক মানুষের আলাদা আলাদা রুচি, রসনাবোধ ও পরিবেশনার ব্যাপার আছে। সেদিক থেকে অবশ্যই বাংলাদেশের মানুষ এগিয়ে। এত বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী রান্না অন্য কোথাও আমি দেখিনি। এসব দিক বিবেচনা করেই আমি রান্নার অনুষ্ঠানের বিচারকের আসনে।
অন্যান্য রিয়েলিটি শো থেকে রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ নিশ্চয় আলাদা।
একদম ঠিক। অন্যান্য রিয়েলিটি শোতে বিচারক ও দর্শকেরা সরাসরি প্রতিযোগীদের পরিবেশনা দেখার সুযোগ পান। কিন্তু রান্নার অনুষ্ঠানে খাবারের স্বাদ ও গন্ধ নিতে হয়, যা শুধু বিচারকেরাই নিতে পারেন। তাই বেশ কঠিনই বলা চলে। তবে রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে দর্শকেরা মজা করে উপভোগ করতে পারেন। তাঁদের কাছে যেন একঘেয়েমি না লাগে।

আপনার অন্যান্য ব্যস্ততা কেমন?

আমার নাটকের দল নাট্যকেন্দ্রের ২৫ বছর পূর্তি হবে এ বছরেই। কীভাবে বর্ষপূর্তি পালন করা যায়, তার কিছু পরিকল্পনা করছি। আর আমাদের দেশে চলচ্চিত্রে একটা পরিবর্তন আসছে। সেটা নিয়েও ভাবছি। চলচ্চিত্র নিয়ে নতুন কিছু করার পরিকল্পনা করছি। আর নিয়মিত অভিনয় তো করছিই।

সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক