
অভিনয়ের বাইরেও অন্য রকম এক পূর্ণিমাকে এবারের মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে দেখা গিয়েছিল। ওই অনুষ্ঠানের পর তাঁকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। এবার চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রীর নতুন আরেকটি পরিচয় পাওয়া গেল। আজ সন্ধ্যায় তিনি একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরে গান গাইছেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানের মঞ্চে গানটিতে পারফর্মও করবেন। গতকাল সোমবার দুপুরে তাঁর গাওয়া গানসহ আরও নানা প্রসঙ্গে পূর্ণিমা কথা বললেন
শুনলাম গান গাইছেন?
ঠিকই শুনেছেন। রোববার সন্ধ্যায় গানটিতে কণ্ঠ দেওয়ার কথা ছিল। আমার মেয়ে আরশিয়া অসুস্থ থাকায় শেষ পর্যন্ত গাইতে পারিনি। মঙ্গলবার (আজ) সন্ধ্যায় গাইব।
নায়িকার হঠাৎ গান গাইতে ইচ্ছে হলো কেন?
এটাকে একটা এক্সপেরিমেন্ট (নিরীক্ষা) বলতে পারেন (হাসি)।
কেমন এক্সপেরিমেন্ট?
গলাটা ভালো আছে কি না। সবাই-ই তো ইদানীং গান গাইছে। আমি গাইলে সমস্যা কী?
সবাই গাইছে বলে আপনিও অনুপ্রাণিত হয়ে গেলেন?
একদম তা-ই। সবাই যেহেতু গান গাইছে, আমি কেন পিছিয়ে থাকব?
কারা আপনার গান গাওয়ার অনুপ্রেরণা, জানতে পারি?
না না। গাইতে আসলে হাসান ভাই (চ্যানেল আই বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান) অনুরোধ করলেন। আমরা তো অনুষ্ঠানে এমনিতেই স্টেজ পারফরম্যান্স করি। হাসান ভাই বললেন, ‘আমি চাই আপনি নিজের গাওয়া গানে পারফর্ম করেন। সেই হিসেবে চার-পাঁচ লাইন গেয়ে দেন, দেখেন কেমন হয়।’ তাঁর কথায় রাজি হয়েই গানটি গাওয়ার সিদ্ধান্ত নিই। পরে যে আরও গান গাইব বা অ্যালবাম বের করব, তেমন কোনো পরিকল্পনা নেই।
কোন গানটি গাইতে যাচ্ছেন?
আমি গাইব ইমরানের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি। আমি যখন গানের লিংকটা পেলাম, তখন বললাম, এটা তো আমার পছন্দের গান। তাই গাওয়ার সিদ্ধান্ত নিতে দেরি করিনি।
আপনার স্বামী (আহমেদ জামাল ফাহাদ) গিটার বাজাচ্ছেন, সেই মুহূর্তটি ফেসবুকে পোস্ট করেছেন আপনি?
ও তো অনেক আগে থেকে গিটার বাজায়। এত দিন প্রতিভা লুকিয়ে ছিল। এখন আস্তে আস্তে সব বের করছি।
আপনার স্বামী কি গান নিয়ে কিছু করার কথা ভাবছেন?
সে গান নিয়ে ভাবছে। ফাহাদ একসময় তো চট্টগ্রামে ব্যান্ড করত। সে ছিল প্রধান ভোকাল। ওয়ারিয়রস নামের সেই ব্যান্ড থেকে ওর গানের অ্যালবামও বের হয়েছিল। এখন ইউটিউব আর ফেসবুক লাইভে সামনে কিছু করার পরিকল্পনা আছে।
স্বামী কি আপনাকে গান শোনান?
গান শোনা হয় না, তবে ওর কাছ থেকে গিটার শুনি। ও দারুণ গিটার বাজায়।
নতুন কাজের পরিকল্পনার কথা বলুন—
বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব আছে। কিছু গল্প ভালোও লেগেছে। এখনো সম্মানী নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়নি।
কাকে সঙ্গে নিয়ে পর্দায় ফিরছেন?
আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে, ফেরদৌসের সঙ্গেও। নির্মাতারা আমাদের দুজনকে নিয়ে ভাবছেন। আমি বলছি না যে এখনই সবকিছু চূড়ান্ত হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। চূড়ান্ত হোক, তারপর সব জানাব। কোনো ভুয়া খবর ছড়াক, আমি এটা চাই না।
সময় কাটছে কীভাবে?
সংসার আর সন্তানকে সময় দিয়ে সময় কাটছে।
সাক্ষাৎকার: মনজুর কাদের