
আপনাদের নাটকগুলো নিয়ে একটু বলবেন?
একটি হচ্ছে মিসরীয় নাট্যকার আলফ্রেড ফারাগের দ্য ট্র্যাপ। রূপান্তর করে আমরা নাম দিয়েছি বন্দুকযুদ্ধ। অন্যটি তৌফিক আল হাকিমের নাটক ডংকি মার্কেট। এর অর্থ ঠিক রেখে আমরা করেছি গাধার হাট। দুটি নাটকই সমসাময়িক ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে করা।
নাটক দুটির বৈশিষ্ট্য কী?
নাটক দুটির বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো স্বল্পদৈর্ঘ্য এবং প্রচণ্ড নিরীক্ষাধর্মী নাটক। দুটি নাটক মাত্র দেড় ঘণ্টার। তবে সময় কম হলেও দুটি নাটকই পূর্ণাঙ্গ।
আমাদের দেশে এমন স্বল্পদৈর্ঘ্য নাটকের চর্চা আছে?
আমাদের দেশে এ ধরনের নাটকের চর্চা কম। এসব নাটক বেশি হতে দেখা যায় যুক্তরাষ্ট্রে। সেখানে এ ধরনের ১০-১৫ মিনিটের নাটক নিয়ে রীতিমতো উৎসব হয়। ওই নাটকগুলো দেখতেও হাজির হন অনেক দর্শক।
আপনি কি নাটক দুটিতে অভিনয় করছেন?
না। আমি তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে। নাটক দুটিতে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। এই অঙ্গনে জায়গা করে নেওয়ার জন্য তাঁদের অভিজ্ঞতার দরকার আছে। জাহিদ হাসান, মোশাররফ করিমদের মতো অভিনেতারা যখন তরুণ ছিলেন, তাঁদেরও এভাবেই নিজেকে তৈরি করতে হয়েছে।
- সাক্ষাৎকার: রাসেল মাহমুদ