আমি তো নিজেকে রাঙিয়েই রেখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সম্প্রতি অস্তিত্ব চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিশা। গত রোববার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় অনুষ্ঠানিকভাবে ছবিটির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এই অভিনেত্রী এখন নাটক নিয়ে ব্যস্ত। পরপর দুটি নাটকে কাজ করেছেন। নাটক দুটি দেখানো হবে ভালোবাসা দিবসে
তিশা
তিশা

কেমন আছেন?
ভালো। নাটকের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি।
এখন কোন নাটকের কাজ করছেন?
গল্পের রং নীল। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এই নাটকে আমি আর ইমন কাজ করছি। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নাটকটি দেখানো হবে এনটিভিতে।
আপনি তো তাহসানের সঙ্গেও একটি কাজ করেছেন।
হ্যাঁ, তাহসান আর আমার নাটকটির নাম তোমায় ভেবে লেখা। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ভালোবাসা দিবসে এ নাটকটি দেখানো হবে আরটিভিতে।
আপনার মুঠোফোনের ওয়েলকাম টিউনে দেওয়া গানটা শুনতে ভালোই লেগেছে।
গানটার শিরোনাম ‘আয়না বল না’। অস্তিত্ব ছবির গান। ইউটিউবে গত মাস থেকেই দেখা যাচ্ছে গানটি। এ পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখবার দেখা হয়েছে গানটি। এই ছবির আরেকটি গান ‘আমি বাংলার হিরো’। এই আইটেম গানটিও দর্শক খুব দেখছেন। দিন কয়েক আগে ইউটিউবে দেওয়া হয়েছে গানটি। এই কয়েক দিনে লাখ খানেকবার দেখা হয়েছে গানটি।
ছবির আইটেম গানের ব্যাপারে দর্শকদের অন্য রকম আগ্রহ থাকে। আপনার কেমন লেগেছে?
আমার কাছেও অন্য রকমই মনে হয়েছে। এফডিসিতে সারা রাত কাজ হয়েছে। যখন শুটিং করছিলাম, তখনই বুঝেছি, কাজটি অন্য রকম হবে। গানটিও দারুণ। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।
ছবির কাজের পরই নাটকের কাজ। তা-ও আবার ভালোবাসা দিবসের জন্য।
তোমায় ভেবে লেখা আর গল্পের রং নীল—দুটি নাটকেই ভালোবাসার চমৎকার কিছু বার্তা পাবেন দর্শক। ভালোবাসার মানুষকে নতুন করে চিনতে পারবেন। ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তুলবেন।
আপনি?
আমি তো নিজেকে রাঙিয়েই রেখেছি।