আমি মনে করি বয়স কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাইখ সিরাজ
শাইখ সিরাজ

বরাবরের মতো এবারের ঈদে চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’। মানিকগঞ্জের জয়মণ্ডপে সম্প্রতি এই অনুষ্ঠানের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় আছেন শাইখ সিরাজ। এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করা দর্শকদের নিয়ে ঘটেছে বেশ কিছু মজার ঘটনা।

শুটিংয়ের জন্য মানিকগঞ্জকে বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ আছে?
পঞ্চাশ, ষাট ও সত্তর—এই তিন দশকে বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট ছিল গ্রামনির্ভর। সবচেয়ে বড় কথা হচ্ছে, ঢাকার খুব কাছে এই এলাকায় কৃষির বিস্তার ঘটেছিল দ্রুত। আধুনিক চাষাবাদের ব্যাপারটিও এখানকার লোকেরা দ্রুত শিখেছেন। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের জন্ম এই মানিকগঞ্জে। আরও অসংখ্য গুণী আছেন এই এলাকায়। এখানকার মানুষের সঙ্গে চলচ্চিত্রেরও দারুণ সখ্য ছিল এবং আছেও। ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের মাধ্যমে এখানকার কৃষকদের আনন্দ দেওয়ার পাশাপাশি পুরোনো বিষয়গুলো সবার সামনে নতুন করে তুলে ধরার চিন্তা করেছি।

অনুষ্ঠানে মজার কিছু ঘটেছে কি?
অনেক মজার ঘটনা আছে। এর মধ্যে একটি হচ্ছে তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ৪০, ৫০ ও ৬০ বছরের পাশাপাশি ছিল একটি সাত বছরের শিশু। সবাইকে অবাক করে সাত বছরের ছেলেটি দুই লাখ টাকা মূল্যের পুরস্কার জিতে নেয়। এটা শুধু আমাকে নয়, উপস্থিত সবাইকে অবাক করে দেয়। সবচেয়ে মজা হয়েছে পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে অভিনয় করা এই এলাকার কিছু মানুষ নিয়ে ভিন্নধর্মী আয়োজন করতে গিয়ে।

আজ তো আপনার জন্মদিন। বয়স কি বাড়ল, নাকি কমে গেল?

প্রাকৃতিকভাবে বয়স বাড়ছে ঠিকই, কিন্তু আমি মনে করি বয়স কমছে। মনের বয়স বাড়লে তো কাজ করতে পারব না। তাই জন্মদিন এলেই মনে হয়, ইশ্‌ আরও যদি কাজ করতে পারতাম।

 সাক্ষাৎকার: মনজুর কাদের