আমি যখনই চাই কিছুই হয় না
আজ থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে ধারাবাহিক নাটক সাদাসিধে ছোট ভাই। মাসুম রেজা রচিত ও সকাল আহমেদ পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
প্রশ্ন :
অনেকক্ষণ চেষ্টা করেও পাচ্ছিলাম না।
বাসার কাজে ব্যস্ত ছিলাম। এটা করছি, ওটা করছি। বাসায় তো আমি একা। একাই সবকিছু সামাল দিতে হয়।
প্রশ্ন :
একাকী জীবন যুগল জীবনে যাবে কবে?
যেদিন আল্লাহ চাইবে। আমার চাওয়ার ওপর কোনো কিছু নির্ভর করছে না। আমি যখনই চাই কিছুই হয় না। এ জন্য সব ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি।
প্রশ্ন :
আপনি চাইলে হয় না কেন মনে করেন?
জানি না। কেন যে হয় না, আজও বুঝতে পারি না। চাইছি তো কয়েকবার। সম্ভবত আমার যোগ্যতা হয়নি পাওয়ার। অথবা আমি এখনো হয়তো প্রস্তুত নই।
প্রশ্ন :
এখন কতটা প্রস্তুত?
মনে হয়, এখন আমি প্রস্তুত। এই ধরনের সম্পর্কে যাওয়ার আগে নিজেরও প্রস্তুতির ব্যাপার থাকে। যেটা হয়তো আমি নিজে ছিলাম না। আগে আমি অপর পক্ষের কাছেই শুধু প্রত্যাশা করতাম। তাই এখন অন্যের কাছ থেকে চাওয়ার আগে নিজেই নিজেকে প্রস্তুত করছি। দোষগুলোও সংশোধন করেছি, ভবিষ্যতে যাতে আমার অসুবিধা না হয়।
প্রশ্ন :
তারকাদের অনেকে এ–ও বলেন, বিচ্ছেদ এত বেশি হচ্ছে যে বিয়ে করতেই ভয় হয়।
এই ভয়টা আমার মধ্যেও প্রচণ্ড পরিমাণে কাজ করে। আমিও ভাবি, বিয়ের পর যদি বিচ্ছেদ হয়, তাহলে কেমন হবে। সবচেয়ে বড় কথা, আমরা এখন একে অপরের সঙ্গে কথা বলি না। আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে থাকতে থাকতে নিজেদের জীবনকে ম্যাটেরিয়ালিস্টিক করে ফেলেছি। এর বাইরেও যে সুন্দর একটা জীবন আছে, সেটার কথা ভুলে গেছি। মানসিক শান্তির জন্য, আমার কাছে কত টাকা আছে, ইট ডাজন্ট ম্যাটার। অথচ আমরা ভাবছি, টাকাই সব।
প্রশ্ন :
সমস্যা বুঝতে পারলে সমাধানে কেন আসা যাচ্ছে না?
দ্বিমতটা কেন হচ্ছে, কারণটা নিয়ে ভাবি না। আমরা দ্রুত উপসংহারে পৌঁছাতে চাই। জীবনের ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে আমরা সতর্ক না।
প্রশ্ন :
আপনার কাছে সম্পর্কটা কী?
আমার চোখে সম্পর্ক হচ্ছে, দুজন দুজনের প্রতি একধরনের নিবেদন। সম্মান, শ্রদ্ধার জায়গা—আধ্যাত্মিক ব্যাপার।
প্রশ্ন :
সাদাসিধে ছোট ভাই প্রসঙ্গে বলুন?
গল্পটা দুই ভাইয়ের। আপন ভাই না হয়েও তারা আপনের চেয়ে আপন। বড় ভাই লেখক, ছোট ভাই নাট্যকার হওয়ার চেষ্টায় থাকে। কিছু কাল্পনিক চরিত্র নিয়ে গল্প এগিয়ে যাবে।
প্রশ্ন :
১৯৭১ সেইসব দিন নামে একটি সিনেমার শুটিং করছিলেন।
হৃদি (হক) আপুর সেই সিনেমার শুটিং এখনো শেষ হয়নি। আরও কয়েকটিতে অভিনয়ের কথাবার্তা হলেও চুক্তিবদ্ধ হইনি। এই পরিচালকের সঙ্গে আমি একটি নাটকে অভিনয় করেছি। খুবই পারফেকশনিস্ট একজন পরিচালক।