জ্যাজ সংগীতের অন্যতম তারকা শিল্পী জন ম্যাকলাফলিন। আগামীকাল বাংলাদেশে আসছেন তিনি তাঁর দল ফোর্থ ডায়মেনশন নিয়ে। ৫ নভেম্বর শুরু হওয়া ‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫’-এ থাকবে তাঁর পরিবেশনা। বাংলাদেশে আসার আগেই এ শিল্পী কথা বললেন প্রথম আলোর সঙ্গে। ই–মেইলের মাধ্যমে নেওয়া তাঁর সাক্ষাৎকার থাকছে আজ—

জ্যাজ ফিউশন এবং আপনার গিটার বাদনশৈলীর জন্য বিশ্বজুড়ে মানুষ চেনে আপনাকে। কেন এবং কীভাবে এই ঘরানার সঙ্গে জুড়ল আপনার নাম?
আপনি যদি সংগীতের জন্য নিজের পুরো জীবনকে উৎসর্গ করতে চান, তাহলে একটি নির্দিষ্ট ঘরানার ওপর নিজেকে প্রস্তুত করতে হবে। কৌশলগত বিষয়গুলো রপ্ত করতে হবে। আমিও তাই চেষ্টা করি। কিন্তু নিজেকে কখনোই জ্যাজ ঘরানার সেরা শিল্পী হিসেবে মনে করি না। শক্তি কিংবা আমার এর আগের গানের দল ও কিংবদন্তিদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে সঞ্চয় করেই আমি এগিয়ে চলছি। আর সেই অভিজ্ঞতাগুলো নিয়েই ফোর্থ ডাইমেনশন গড়া। মনে রাখবেন, এটা কিন্তু কোনো জ্যাজ ফিউশন গানের দল নয়। একটা সময় আমি চেষ্টা করেছিলাম ফিউশন করার। কিন্তু পরে বুঝলাম, যাকে ফিউশন বলা হয়, তা হলো শুধু বিপণেনর জন্য রেকর্ড কোম্পানিগুলোর তৈরি একটি বিশেষ তকমা। তাই আমি নিজেকে মনে করি একজন শুদ্ধ জ্যাজ সংগীতশিল্পী।
ফিউশন বিষয়টি আমাদের কাছেও এখনো স্পষ্ট নয়। তবে আপনি এসব নিয়ে কাজ করেছেন অনেক কিংবদন্তির সঙ্গে। যাদের মধ্যে আছে মাইলস ডেভিস, জিমি হ্যানিড্রক্স এবং তবলাশিল্পী জাকির হোসেন। তাঁদের সঙ্গে, তাঁদের ঘরানার সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নিয়ে কাজ করেছেন। সেই সফল ফিউশনগুলো নিয়ে কী বলবেন?
এর আগেও আমি যা বলেছি, তা–ই বলছি। আমি শুদ্ধ জ্যাজ সংগীতের চর্চা করি। এর সঙ্গে ‘ফিউশন’ বলে আমি অন্য কিছুর মিশেল কখনোই ঘটাতে চাই না। তবে এটা অবশ্যই বলব, কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ আমার সংগীতজীবনকে দারুণভাবে প্রভাবিত করেেছ।
সংগীতজীবনে সবচেয়ে বেশি আপনি কার দ্বারা প্রভাবিত হয়েছেন?
মাইলস ডেভিস, জন কোলট্রানে, জিমি হ্যানড্রিক্স এবং রবিশঙ্কর। আমি বলতে পারব না কেন বা কেমন করে তাঁরা আমাকে প্রভাবিত করেছেন। শুধু বলতে পারব, আমার সুর ও সংগীতের পেছনে তাঁদের অবদান অনেক।
বাংলাদেশেও হচ্ছে শুদ্ধ জ্যাজের চর্চা। আপনার অবস্থান থেকে এ দেশের জ্যাজ শিল্পীদের জন্য কী পরামর্শ দিতে চান?
সংগীত ঘিরে তোমাদের খুব প্রাচুর্যময় ইতিহাস আছে, তা আমি জানি। তাই বাংলাদেশের মেধাবী সংগীতশিল্পীদের নিয়ে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু জ্যাজ সংগীত নিয়ে কোনো পরামর্শ দেওয়ার আগে আমাকে আগে শুনতে হবে শিল্পীরা কেমন বাজায়। তা না হলে সঠিক পরামর্শটি হয়তো আমি দিতে পারব না। এই যেমন কিছুদিন আগেই আমি ব্যাংককে একটি মাস্টার ক্লাস পরিচালনা করেছিলাম। সেখানে ক্লাস নেওয়ার আগে আমি সবার সামনে বসে তাঁদের গাইতে এবং বাজাতে শুনেছি, তারপর একে একে সবাইকে সঠিক পরামর্শটিই দিয়েছি, যার জন্য যেমনটি প্রয়োজন।
বাংলাদেশে জ্যাজ ও ব্লুজ গানের উৎসবের ধারণাটি নতুন। এ উৎসব ঘিরে কেমন প্রত্যাশা নিয়ে আসছেন আপনি?
কোনো প্রত্যাশা না রাখাই ভালো। এতে করে নিজেকে অসন্তুষ্টির হাত থেকে রক্ষা করা যায়। তবে আমি বাংলাদেশে কিছু নতুন বন্ধু পাব বলে আশা করছি। সবার সঙ্গে দেখা করার জন্য, সবাইকে নতুন কিছু শোনানোর জন্য অধীর হয়ে আছি। আশা করছি, কিছু সুন্দর স্মৃতি নিয়ে ফিরব বাংলাদেশ থেকে।