আমিও ছয় মাস আগে এই গুঞ্জন শুনেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  • ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মিম অভিনীত ছবি ‘আমি নেতা হব’।
  • প্রায় আট বছর পর শাকিব খান-মিম জুটিকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শক।
  • মিমের ‘পাষাণ’ ও ‘দাগ’ নামের দুটি ছবি মুক্তির জন্য প্রস্তুত।
  • ইদানীং একজন গায়কের সঙ্গে শোনা যাচ্ছে মিমের প্রেমের গুঞ্জন।

১৬ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘আমি নেতা হব’। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে উত্তম আকাশ পরিচালিত ছবিটি। এই ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছেন বিদ্যা সিনহা মিম। প্রায় আট বছর পর আবার দুজন জুটি গড়লেন ছবিতে। তার আগে মুখোমুখি হলেন প্রথম আলোর

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

ছবির প্রচারণা শুরু করবেন কবে থেকে?
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো আমার কাছে কোনো দিকনির্দেশনা আসেনি। তবে হয়তো শিগগিরই সিদ্ধান্ত হবে। শাকিব ভাই এখন অস্ট্রেলিয়ায় ছবির শুটিংয়ে আছেন। তিনি থাকলে দুজন মিলে আরও ভালোভাবে প্রচারণাটা চালানো যেত। তবে আশা করছি, মুক্তির তিন-চার দিন আগে থেকে টেলিভিশন চ্যানেল, পত্রিকা অফিসে অফিসে ছবি নিয়ে হাজির হব।

ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন?

এটি একটি রাজনৈতিক গল্পের ছবি। এর আগে আমি এ ধরনের গল্পের ছবিতে কাজ করিনি। ছবিটি আমি এখনো দেখেনি, তাই এখনই ছবি নিয়ে কোনো প্রত্যাশার কথা বলা মুশকিল। দীর্ঘদিন পর আমাদের দুজনের একটি ছবি মুক্তি পাচ্ছে। দর্শকের একটা আলাদা আগ্রহ তো থাকবেই। এরই মধ্যে ছবির ‘চুম্মা’ ও ‘লাল লিপিস্টিক’ শিরোনামের দুটি গান ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির পর অবস্থা কী হয়, তা দেখার অপেক্ষায় আছি।

কাজের ব্যস্ততা কেমন?

আপাতত কোনো ছবির শুটিং করছি না। এর মধ্যে পাষাণ ও দাগ নামে দুটি ছবির কাজ শেষ করেছি। এখন মুক্তির জন্য প্রস্তুত। নতুন একটি ছবির কথাবার্তা চলছে। এখনো চুক্তি হয়নি। তবে মার্চ থেকে শুটিং করার কথা।

নিজের সময় কীভাবে কাটান?

কাজ না থাকলে বাসাতেই থাকি বেশি। মা-বাবার সঙ্গে সময় কাটাই। নিয়মিত শরীরচর্চা করি। শপিংয়ে যাই। বড় ছুটি পেলে মা-বাবার সঙ্গে দেশের বাইরে ঘুরতে যাই। আমার ছোট বোন কানাডায় লেখাপড়া করছে। আগামী এপ্রিলে পরিবারের সবাই মিলে কানাডায় ঘুরতে যাব।

শেষ তিন প্রশ্ন...

আপনার ছবির সংখ্যা কম। বেশি বাছাবাছি করেন নাকি কাজই কম পান?
বেছে বেছে করার কারণে হাতে কম কাজ। এটা সিনেমার সবাই জানেন। অনেক ছবিই পাচ্ছি কিন্তু ভালো গল্প, ভালো পরিচালক না হলে কাজ করছি না। ১০টি ছবি ছেড়ে দিয়ে একটি ভালো ছবি করাও ক্যারিয়ারের জন্য ভালো মনে করি আমি।

আগে আইটেম গানে আপনার আপত্তি ছিল। এখন দেখছি সেটাই করছেন। ব্যাপার কী?
হুট করেই যে এখন আইটেম গান করছি, তা নয়। আমি নেতা হব ছবিতে করেছি গল্পের প্রয়োজনে। ছবিতে আমি একজন ‘বার গার্ল’। সুতরাং গল্পের প্রয়োজনেই বার গার্ল হিসেবে নেচেছি। আইটেম গানে ছোট পোশাকে যদি সুন্দর, শৈল্পিকভাবে উপস্থাপন হয়, কোনো দোষের নয়।

একজন গায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সত্যি?
কোন গায়কের সঙ্গে? আমি একটা কথা বলি, এই টপিকটা ওঠানোর কোনো মানেই হয় না। বেশি ঘাঁটলে জিনিসটা খারাপ হয়। কোনো গায়কের সঙ্গে আমার প্রেম নাই। (হাসতে হাসতে) আমিও ছয় মাস আগে এই গুঞ্জন শুনেছি।

সাক্ষাৎকার: শফিক আল মামুন