আসছেন 'হেলেন'
>

ঢাকাই চলচ্চিত্রের নবাগত অভিনয়শিল্পী হিসেবে যোগ দিচ্ছেন আরেকজন নতুন মুখ। এরই মধ্যে পরিচালক ও প্রযোজকের কাছ থেকে মৌখিকভাবে চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইতিবাচক সংকেতও পেয়েছেন তিনি। দিনকয়েকের মধ্যেই কাগজে-কলমে চুক্তিবদ্ধ হবেন। নবাগত এই নায়িকার নাম প্রীতি জয়েস হেলেন। দাদার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। চলচ্চিত্রে ‘হেলেন’ নামেই প্রতিষ্ঠা পেতে চান তিনি। ঢাকাই চলচ্চিত্রের নবাগত এই অভিনেত্রী আজ সোমবার সকালে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
চলচ্চিত্র পরিবারের সদস্য হতে যাচ্ছেন, কেমন লাগছে ...
আমি অনেক খুশি। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মনে হচ্ছে, পুরো জীবনটাই বদলে যাচ্ছে।
চলচ্চিত্রে আসার আগে কী করতেন?
টেলিভিশনে আমাকে প্রথম দেখা গিয়েছিল গানের ভিডিওর মডেল হিসেবে। সময়টা ২০১২ সাল। ‘যেও না দূরে’ শিরোনামের সে গানটি তখন কয়েকটি টিভি চ্যানেলে দেখানো হয়েছিল। এরপর আরও কয়েকটি গানের ভিডিওতে কাজ করলেও সবাই আমাকে চিনেছেন ‘দিল আমার’ গানের ভিডিওর মাধ্যমে। এ গানটির পরই টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজের প্রস্তাব আসে।

গানটি তো আরেক নবাগত সংগীতশিল্পী তানজীব সারোয়ারের ...
হ্যাঁ। আমার খুব পছন্দের একটি গান। আর এ গানের ভিডিওটির নির্মাণও অসাধারণ হয়েছিল। প্রচারের পর তা ভালোভাবেই টের পেয়েছি।
আপনি তো কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন ...
মাত্র দু বছরে গানের ভিডিওর পাশাপাশি আমি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজের সুযোগ পেয়েছি। এসব বিজ্ঞাপনচিত্রের বেশির ভাগই হচ্ছে অতি পরিচিত প্রতিষ্ঠানের। যার কারণে আমাকে মানুষ চিনতে পেরেছেন। দশটির মতো নাটকে অভিনয়ও করেছি আমি।
আপনার পরিবারের কেউ অভিনয়ে যুক্ত ছিলেন?
না, কেউ না। আমরা দুই বোন এক ভাই। শুরুতে গানের মডেল হওয়ার ব্যাপারটি পরিবারের কেউ পছন্দ করত না। এখন অবশ্য মিডিয়াতে কাজ করার ব্যাপারটি পছন্দ না করলেও নিরুৎসাহিত করে না।

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন কীভাবে?
‘দেশ আমাদের’ ছবিতে আমি অভিনয় করব নিরব ভাইয়ের বিপরীতে। নাটকে অভিনয়ের কারণে তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। এর মধ্যে কদিন আগে প্রথম আলোর এক খবরে জানতে পারলাম, নিরব ভাইয়া তাঁর ‘ভোলা তো যায় না তারে’ ছবির নায়িকা তানহাকে ফেসবুকের মাধ্যমে খুঁজে পেয়েছেন। বিষয়টা জানতে পেরে আমিও তখন নিরব ভাইয়াকে ফেসবুকেই বলি, তানহাকে ফেসবুক থেকে নেওয়া হয়েছে। আমিও তো ফেসবুকেই আছি। আমাকে নায়িকা করা যায় না? নিরব ভাইয়াও আমার প্রস্তাব বেশ ইতিবাচকভাবে নেন। এরপর পরিচালকের সঙ্গে কথা বলার পর তিনি আমাকে নায়িকা হিসেবে চূড়ান্ত করেন।
কারও অভিনয় দেখে কী চলচ্চিত্রের নায়িকা হওয়ার ইচ্ছা জেগেছিল?
ছোটবেলা থেকেই আমি কারিনা কাপুরের ভক্ত। তাঁকে আমার অনেক বেশি ভালো লাগে। বলতে পারেন, তাঁকে দেখতে দেখতেই অবচেতন মনে নায়িকা হওয়ার স্বপ্ন দেখা শুরু করি। শুরুতে অবশ্য গানের মডেল ছিলাম। আর এখন সত্যি সত্যি নায়িকা হিসেবে কাজ শুরু করতে যাচ্ছি।