আড়াই বছরের বেশি সময় ভারতে ঢুকতে পারিনি

অভিনয়জীবনের শুরু থেকেই বাংলাদেশ-ভারতের চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেন ফেরদৌস। সেই ১৯৯৮ থেকে শুরু হওয়া এ যাত্রায় বিরতি পড়ে ২০১৯ সালের এপ্রিলে। ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় যোগ দেওয়ার অপরাধে এ নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। আজ শুক্রবার এই অভিনয়শিল্পী জানান, তিনি ভারতের ভিসা পেয়েছেন। এর মধ্য দিয়ে ভারতে প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তা উঠে গেছে। এসব নিয়েই আজ দুপুরে কথা হলো তাঁর সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা শেষে ভিসাপ্রাপ্তির বিষয়টি কতটা আনন্দের?

নিষেধাজ্ঞা শেষে ভারতের ভিসা পেয়ে ভীষণ আনন্দিত। আমার ক্যারিয়ারের শুরুতে, ১৯৯৮ সালে সেই ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্র থেকে দুই দেশে একসঙ্গে কাজ করেছি। আমি আসলে কখনোই ফিল করিনি, কখন আমি বাংলাদেশ আছি, কখন ভারতে, বিশেষ করে কলকাতায় আছি। কারণ, দুই দেশের চলচ্চিত্রের মানুষেরা ও মিডিয়া আমাকে সেভাবেই গ্রহণ করেছে। আমি যখন কলকাতায় যেতাম, সেটা আমার আরেকটা বাড়ি মনে করতাম। সব সময় বলতাম, কলকাতা আমার সেকেন্ড হোম। ঘটনাচক্রের একটা ভুল–বোঝাবুঝির কারণে আড়াই বছরের বেশি সময় ভারতে ঢুকতে পারিনি।

ফেরদৌস
ছবি: ফেসবুক থেকে

প্রশ্ন :

ভুল–বোঝাবুঝি, নাকি আপনার ভুল?

অবশ্যই এটা আমার ভুল। আমি তো জানতাম না যে এমন কাজ করা যাবে না। আমাকেও যাঁরা নির্বাচনী প্রচারণায় নিয়ে গেছেন, তাঁরাও জানতেন না, আমি সেখানে যেতে পারব না। এটা অবশ্যই ভুল হয়েছে। যাহোক, এ জন্য লম্বা সময় সাফার করেছি। তখন আমার ভিসা বাতিল করে দেওয়া হয়, যা আমার জন্য দুঃখজনক বা হতাশাব্যঞ্জক ছিল। এ নিয়ে সব সময় অস্বস্তি হতো। আমি জ্ঞানত কখনোই এমন কিছু চাইনি যে কলঙ্ক লাগে। আমার কারণে দেশের সুনাম নষ্ট হোক, তা–ও চাইনি। সে রকম একটা জায়গায় এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, অনেক কিছু সাফার করতে হয়েছে।

প্রশ্ন :

কলকাতায় যেতে না পারায় চলচ্চিত্রের দিক দিয়ে সবচেয়ে বড় ক্ষতি কোনটি হয়েছে?

আমার রানিং কয়েকটা চলচ্চিত্র ছিল। শরৎচন্দ্রের ‘দত্তা’ নিয়ে তৈরি দত্তা সিনেমার কাজ আমাকে ছেড়ে দিতে হয়েছে। নতুন আরও কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল, পাইপলাইনে ছিল, সেগুলোও থেকে সরে আসতে হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি ‘বঙ্গবন্ধু’র মতো একটি সিনেমা, যেটা বাংলাদেশের একটা ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসের সাক্ষী হতে পারলাম না। এটা তো অনেক বড় একটা না পাওয়ার কষ্ট। এ কষ্ট আজীবন থেকে যাবে। ভিসা হওয়ার পর আমার এটাও মনে হয়েছে, ঘটনাটা যে ইচ্ছাকৃত করিনি, এটার একটা স্বীকৃতি পেলাম। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ের আগেও আমার এ ভিসা হওয়ার কথা ছিল, আনফরচুনেটলি তখন হয়নি। অবশেষে সমস্যার সমাধান হয়েছে। কলকাতায় কয়েকজন বন্ধুও এই ব্যাপারে তাঁদের মতো চেষ্টা করে গেছেন। এত কিছুতে একটা বিষয় বুঝতে পেরেছি, মানুষ আমাকে খুব ভালোবাসেন। আমার ওই দুঃসময়ে বাংলাদেশের সব সংবাদমাধ্যম পাশে ছিল।

ফেরদৌস
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

পরিবারের অন্যরাও নিশ্চয়ই খুব খুশি?

আমার পরিবার তো বেশি খুশি, বিশেষ করে আমার দুই মেয়ে কয়েক বছর ধরে প্রতি মাসেই একবার না একবার কলকাতায় যেত। ছুটি পেলেই ছুটে যেত। ওদের মনের মধ্যে বাবার যেতে না পারার ব্যাপারটা ভীষণ নেতিবাচক প্রভাব ফেলেছিল। এখন তারা খুব খুশি।

প্রশ্ন :

ভিসা তো পেলেন, এখন কি আগের মতো সেই ধরনের কোনো কাজে দেখা যাবে?

(হাসি) এত দিন কেউ আমাকে ডাকলে কিছুই জিজ্ঞাসা না করে চলে যেতাম। জীবনে একটা উচিত শিক্ষা হয়েছে। আমার পরে অনেকে ভারতে কাজ করেছেন, তাঁদের উদ্দেশে বলব, তাঁরা যেন আমার এ শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করেন। এ শিক্ষাটা তো আমার একার জন্য নয়। আমি যেমন ভারতে অনেক কাজ করে একটা পথ দেখিয়েছি, তেমনি ভুল করে ভুল পথটাও চিনিয়েছি। আমার উত্তরসুরীরা যেন আর সাফার না করেন। তাঁরা যেন কিছু করার আগে ডিটেইলস খোঁজখবর নেন। আমি জানি, তাঁরা সচেতন, কিন্তু শিল্পীরা একটু ইমোশনাল বেশি হন, ইমোশনালি যেন ভুল না করে ফেলেন।

ফেরদৌস
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

ভারতে কবে যাবেন?

এখনো কোনো ডেট ফাইনাল করিনি। এ মাসে অবশ্য সম্ভব নয়। তবে প্রথমে ইচ্ছা আছে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার। আমার দুই মেয়েকে নিয়ে বেড়িয়ে আসতে চাই। ওরা কলকাতায় অনেকবার গেছে। এবার ওদেরকে নিয়ে দিল্লি যাব। আগ্রার তাজমহলটা দেখিয়ে আনতে চাই। আমি অনেকবার গেছি, সেখানে কাজও করেছি।