
প্রথমে ১৭টি জাতীয় পুরস্কার জয়। আর এবার সার্ক চলচ্চিত্র উত্সবে রুপা জিতল মৃত্তিকা মায়া। এই অর্জন এবং নতুন চলচ্চিত্র নিয়ে কথা হলো এর পরিচালক গাজী রাকায়েতের সঙ্গে
সার্ক চলচ্চিত্র উত্সবে রৌপ্য পদক পেয়েছে ‘মৃত্তিকা মায়া’। কেমন লাগছে?
২০১০ সাল থেকে সার্ক চলচ্চিত্র উত্সব শুরু হওয়ার পর এই প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্র পুরস্কার পেল। তাই অনুভূতি তো অবশ্যই সুখকর। এ উত্সবে যোগ দিতে গত ২৫ মে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গিয়েছিলাম আমি। উত্সবটি সেখানে চলেছে ৩১ মে পর্যন্ত। ওই দিনই বিভিন্ন শাখায় ঘোষণা করা হয় পুরস্কার।
উত্সবে মনোনয়ন পেলেন কীভাবে?
যেহেতু এটি সার্ক দেশগুলোর চলচ্চিত্র নিয়ে উত্সব, ফলে সরকারের মাধ্যমে এই মনোনয়নগুলো আসে। প্রত্যেক সরকার তার দেশে বিগত দুই বছরের মধ্যে মুক্তিপ্রাপ্ত ভালো ছবিগুলো এখানে পাঠানোর জন্য মনোনয়ন দেয়। আমিও এভাবে মনোনয়ন পেয়েছি। বাংলাদেশের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শিখণ্ডী কথা ও মৃত্তিকা মায়া এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য কনটেইনার অংশ নিয়েছিল এবারের উত্সবে।
‘মৃত্তিকা মায়া’ নিয়ে কেমন সাড়া পেয়েছেন উত্সবে?
সাড়া ছিল অবিশ্বাস্য। ছবিটি সংলাপপ্রধান। তাই ধারণা করেছিলাম, সাবটাইটেল থাকার পরও ছবিটি বুঝতে সমস্যা হতে পারে। কিন্তু প্রদর্শনী শেষে দেখি, ছবিটি স্পর্শ করেছে সবাইকে। বিচারকেরা বলেছেন, বাংলার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ সুন্দরভাবে প্রতিফলিত হওয়ার কারণে মৃত্তিকা মায়া রুপা জিতেছে।
সামনে নতুন কোনো ছবির কাজে হাত দিচ্ছেন?
গোর নামে আমার একটি নাটক ছিল। মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছিল এটি। ওই গোরই সিনেমার পর্দায় আনার ইচ্ছা আছে আবার। তবে গোর ছবিটি বাংলায় নয়, বানাব ইংরেজি ভাষায়। পাশের দেশ ভারতে ইংরেজি ভাষায় চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছে অনেক আগে। আমার মনে হয়, বিশ্ব চলচ্চিত্রের কথা মাথায় রেখে আমাদেরও এবার এটি শুরু করা উচিত। এখন চিত্রনাট্যের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছর ছবির কাজ শুরু করতে পারব।