>আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে তাঁর গল্পের ছায়া অবলম্বনে তৈরি বিশেষ নাটক সমাপ্তি। নাটকটির চিত্রনাট্যকার ও পরিচালক শ্রাবণী ফেরদৌস। এতে মৃন্ময়ীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে। রবীন্দ্রনাথের এই চরিত্রটিকে কীভাবে ধারণ করেছেন এবং এতে অভিনয়ের পর তাঁর অভিজ্ঞতা নিয়েই কথা বললেন সাবিলা।

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কোনো চরিত্রে অভিনয়ের ইচ্ছা কি আগে থেকেই ছিল?
অবশ্যই। রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’ গল্পটি আমি অনেকবার পড়েছি। ইচ্ছা ছিল রবীন্দ্রনাথের কোনো সাহিত্যকর্মে যদি কাজ করি, তাহলে সবার আগে ‘জীবিত ও মৃত’-এর ‘কাদম্বিনী’ চরিত্রে অভিনয় করব। কিন্তু আগেই সমাপ্তির ‘মৃন্ময়ী’ চরিত্রটি করার প্রস্তাব আসে। ‘মৃন্ময়ী’ সম্পর্কে একটা ধারণা তো আগেই ছিল। তাই চরিত্রটি করতে সমস্যা হয়নি।
‘সমাপ্তি’ নাটকটির চিত্রনাট্য পড়ার আগে কি গল্পটি পড়েছিলেন?
কাজের প্রস্তাব আসার আগেই গল্পটি পড়েছি। আমার পছন্দের ছোটগল্প এটি। এই নাটকে কাহিনি ঠিক রাখা হয়েছে। শুধু গল্পের সময়ে পরিবর্তন আনা হয়েছে। পুরো চিত্রনাট্যটির গল্প এ সময়ের প্রেক্ষাপটে তুলে ধরার চেষ্টা হয়েছে। এ জন্য গল্প পড়ার পরও চিত্রনাট্যটিও অনেকবার পড়তে হয়েছে।
‘মৃন্ময়ী’ চরিত্রটির দুটি রূপ। একটি বিয়ের আগে, আরেকটি বিয়ের পর। কোন রূপে কাজ করতে বেশি ভালো লেগেছে?
বিয়ের আগের ‘মৃন্ময়ী’ চঞ্চল, উচ্ছল এক তরুণী। এ ধরনের কিছু চরিত্রে আগেই কাজ করা হয়েছে। বিয়ের পরের অংশে ‘মৃন্ময়ী’ শান্ত হয়ে যায়। তার কাছে জীবনকে বন্দিশালা মনে হয়। এমন চরিত্রে আগে কাজ করিনি। তাই ওই অংশেই কাজ করতে ভালো লেগেছে।
নাটকটি করার আগে মনের মধ্যে কোনো ভয় কিংবা শঙ্কা কাজ করেছে কি?
হ্যাঁ, শুটিংয়ে যাওয়ার আগে একটু নার্ভাস ছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা। তার ওপর আবার ‘মৃন্ময়ী’। ফুটিয়ে তুলতে পারব কি না, তা নিয়ে নিজের মধ্যে একটা যুদ্ধ তো ছিলই। তবে পরিচালক এবং কো-আর্টিস্ট সজল ভাইয়ের সহযোগিতায় ভয়টা কেটে গিয়েছিল।
* সাক্ষাৎকার: শফিক আল মামুন