
গায়ক ও সংগীত পরিচালক জন কবির। একসময় ব্ল্যাক ব্যান্ডের জন নামেই পরিচিত ছিলেন। সম্প্রতি পাঁচ বন্ধু মিলে গড়েছেন নতুন ব্যান্ড ইন্ডালো। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এই ব্যান্ডের প্রথম অ্যালবাম কখন কীভাবে এখানে কে জানে। অ্যালবামের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে দলটি দেশের নানা জায়গায় কনসার্টের উদ্যোগ নিয়েছে। আগামী ৪ ডিসেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কনসার্ট দিয়ে এর যাত্রা শুরু হচ্ছে। কথা হলো তাঁর সঙ্গে।
কোথায় আপনি?
এফডিসিতে।
সেখানে আবার কী! সিনেমার শুটিং শুরু করলেন নাকি?
আরে নাহ্। ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ প্রতিযোগিতার কাজে এসেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা ‘টিন’ সংগীত তারকা খুঁজে বের করব। এখন চলছে সেরা ২০ জন প্রতিযোগীর লড়াই। এখান থেকে পাঁচজনকে বাছাই করা হবে। তাদের দিয়ে গড়া হবে ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’।
আপনি তো এবারই প্রথম কোনো অনুষ্ঠানে বিচারক হলেন?
একদম তা-ই। ফ্যান্টা টিন পপ ব্যান্ডে যঁারা আছে, সবাই সত্যিকার অর্থে অসম্ভব ট্যালেন্ট। মজার ব্যাপার হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে এই সময়ের তরুণদের কাছ থেকে অনেক কিছুই জানতে পারছি। আমার কাছে তো পুরো কাজটা রিসার্চের মতো হচ্ছে।
বিচারকের দায়িত্বটা কেমন উপভোগ করছেন?
যদিও আমি বিচারক, আমাকে মতামত দিতে হয়। এতে কেউ মন খারাপ করে, আমার কাছেও বিচারকাজটা খুব কষ্টসাধ্য মনে হচ্ছে।
কিছুদিন আগে আপনার নতুন ব্যান্ড ইন্ডালোর প্রথম অ্যালবাম ‘কখন কীভাবে এখানে কে জানে’ প্রকাশিত হয়েছে। অ্যালবাম প্রকাশের পর প্রথম কনসার্ট করতে যাচ্ছেন। প্রস্তুতি কেমন?
৪ ডিসেম্বর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আমাদের ব্যান্ড ‘ইন্ডালো’র প্রথম কনসার্ট। প্রস্তুতি চলছে বেশ জোরোশোরে। নিয়মিত মহড়া করছি। ব্যান্ডের প্রথম কনসার্ট, তাই আমরা সবাই বেশ রোমাঞ্চিত। তিন ঘণ্টার এই অনুষ্ঠানে আমরা আমাদের নতুন অ্যালবামের সব গান গাইব। পাশাপাশি যাঁদের গান দ্বারা আমরা অনুপ্রাণিত, তাঁদের গানও গাইব। ইন্ডালো ব্যান্ডের কনসার্টে সবাইকে স্বাগত।