ইরেশ যাকেরের সাইকেল প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরেশ যাকের
ইরেশ যাকের

ইরেশ যাকের এখনকার জনপ্রিয় অভিনেতা। শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে ড্যানি চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবির কাজ একদম শেষ পর্যায়ে। ছবির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।

এই মুহূর্তে...
কোন কাজ করছি না। এই মাসের ২০ তারিখ থেকে কয়েকটি নাটকের একটানা শুটিং শুরু করব। এসবের প্রস্তুতি নিচ্ছি।
‘ছুঁয়ে দিলে মন’ ছবির কাজ কেমন হল?
অনেক ভালো। ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। আমার আর এক দিন শুটিং বাকি আছে। শুটিং হয়েছে সিলেটে। শুটিং করার সময় আমরা অনেক মজা করেছি। সিলেট শহর থেকে আমরা দশ মাইল দূরে শুটিং করেছিলাম। সবাই গাড়িতে করে যাতায়াত করলেও আমি দশ দিন সাইকেল চালিয়ে শুটিং এ গিয়েছি।

সাইকেল কেন?

আমি সাইকেল চালাতে অনেক পছন্দ করি। ছোটবেলা থেকে সাইকেল চালানো আমার শখ। আমার সংগ্রহে পাঁচটি সাইকেল রয়েছে। সিলেটে গিয়ে আমি নতুন আরও একটি সাইকেল কিনি এবং পরে সিদ্ধান্ত নেই সাইকেল চেপেই আমি শুটিংয়ে যাব। সিলেটের রাস্তা অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই ধীরে ধীরে সাইকেল চালিয়ে স্পটে গিয়েছি। অনেকে অনেক কিছু ভাবতে পারে তবে আমার কাছে সাইকেল চালাতে অনেক ভালো লাগে। আমি এবার ঈদের ছুটিতে নেপালে গিয়েও সাইকেল করে ঘুরে বেড়িয়েছি।

নেপাল ভ্রমণ কেমন হল?

নেপালে যেতে সব সময় ভালো লাগে। এবার নেপালে গিয়ে প্রচুর ছবি তুলেছি। কিছু ছবি ফেসবুকে আপলোড করেছি। ফটোগ্রাফি করতেও অনেক বেশি আনন্দ পাই।

‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আপনি কী ধরনের চরিত্রে অভিনয় করছেন?

আমার চরিত্রটি নেতিবাচক। তবে খুব বেশি ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না। তবে আমার কাছে অভিনয়টাই আসল। আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। প্রয়োজনে আমি পাগলের চরিত্রেও অভিনয় করতে রাজি। প্রতিটি চরিত্র আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়।