ঈদ উপলক্ষে আমার ঘরটি নিজের মতো করে সাজিয়েছি
সোমবার দুপুরে তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি রাস্তায়। গাড়িতে শুটিংয়ে যাচ্ছেন। বলেন, ‘আজই আমার ঈদের নাটকের শেষ শুটিং।’ কথায় কথায় ঈদের নাটক আর অন্যান্য খবর জানালেন তানজিন তিশা।
প্রশ্ন :
ঈদে কয়টি নাটক যাচ্ছে?
১৩ থেকে ১৪টি হবে। মাঝে লকডাউন ছিল। শুটিং ওভাবে করা যায়নি। তারপরও এবার একটু সাহস করে ঈদের জন্য এই কটি নাটকে কাজ করেছি। অনেক সহশিল্পী আগেই নাটকের শুটিংয়ে নেমেছিলেন। আমি একটু দেরি করে কাজ শুরু করেছি। মাঝের সময়টা টিভি আর অনলাইনের কিছু বিজ্ঞাপনের কাজ করেছি। না হলে আরও পাঁচ-ছয়টি কাজ বেশি থাকত এই ঈদে।
প্রশ্ন :
নাটকগুলোর আলাদা কোনো বৈশিষ্ট্য আছে এবার?
ঈদের নাটকগুলো সব সময়ই আলাদা করে করার চেষ্টা করি। গল্পগুলো বাছাই করে কাজ করি। গত ঈদে প্রচারিত আমার বেশ কয়েকটি নারীকেন্দ্রিক গল্পের নাটক আলোচিত হয়েছিল। এবারও বিষয়টি মাথায় ছিল। তা ছাড়া ঈদে রোমান্টিক ও কমেডি নাটক বেশি করা হয়। এবার সেখান থেকে একটু বেরিয়ে এসেছি। ভাগ ভাগ করে কিছু নারীকেন্দ্রিক গল্প, কিছু রোমান্টিক গল্প ও কিছু কমেডি গল্পের নাটক করেছি। এভাবেই ঈদের কাজগুলো সাজানোর চেষ্টা করেছি। এই ঈদে ভক্ত, দর্শক আমার করা ভিন্ন গল্পের, ভিন্ন চরিত্রের নাটক দেখতে পাবেন।
প্রশ্ন :
নিজের পছন্দের কাজ কী কী?
ব্যাঙের ছাতা, হ্যালো শুনছেন, অবসর, কায়কোবাদ; ফিচার ফিল্ম সাহসিকাসহ বেশ কয়েকটি কাজ একটু আলাদা করে আমার পছন্দের তালিকায় আছে। তবে ঈদের সব কটি কাজই বেছে বেছে করা।
প্রশ্ন :
বেশ কয়েক বছর অপূর্ব ও নিশোর সঙ্গে জুটি বেঁধে একচেটিয়া কাজ করেছেন। কিন্তু এক বছর হলো মোশাররফ করিম, তাহসান ও জোভানের সঙ্গেও কাজ করছেন। জুটি ভাঙলেন কেন?
আমার কাছে মনে হয়েছে, সহশিল্পীর এ ধরনের ভিন্নতা থাকা ভালো। দর্শকও পছন্দ করেন। কারণ, ভিন্ন ভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করলে কাজে ভিন্নতা আসে। দর্শকও ভিন্ন স্বাদের কাজ দেখার সুযোগ পান। যেমন গত ঈদের মোশাররফ করিমের সঙ্গে শেষটা অন্য রকম ছিল ও জোভানের সঙ্গে আফ্রিকান বউ নাটক দুটি আলোচিত হয়েছে দর্শক মহলে। গল্পের প্রয়োজনে ভিন্ন ভিন্ন সহশিল্পী থাকতেই পারে।
প্রশ্ন :
ঈদে কী করছেন?
তেমন কোনো আয়োজন নেই। তবে নতুন বাসা নিয়েছি। এখনো উঠিনি। ঈদ উপলক্ষে আমার ঘরটি নিজের মতো করে সাজিয়েছি। দু-এক দিনের মধ্যেই নতুন বাসায় উঠব।
প্রশ্ন :
আর ঈদের দিন?
এবার ঈদের আগের দিন কোনো শুটিং রাখিনি। তিন দিন আগেই শুটিং শেষ করেছি। ঈদের দিন মাকে সহযোগিতা করতে রান্না করার পরিকল্পনা করেছি। গরুর মাংসের বিশেষ কিছু আইটেম নিজ হাতে রান্না করব। ঈদের দিন বাসায় বোন ও বোনের বাচ্চারা আসবে। সবার সঙ্গে গেট টুগেদার হবে। আবহাওয়া ভালো থাকলে সন্ধ্যার পর সবাইকে নিয়ে ঘুরতে বের হব। এতটুকুই।
প্রশ্ন :
ঈদের পর কাজের প্রস্তুতি কী?
ঈদের পরপরই এবার কাজ করব না। মাসখানেকের বিরতি নিতে পারি। লকডাউন উঠে গেলে দেশের বাইরে ঘুরতে যাব। সব সময়ই কাজের বিরতির সময়টা ভ্রমণ করে কাটাই। ভ্রমণ আমার খুব প্রিয়।