এবার ঈদে মডেল ও অভিনয়শিল্পী মেহজাবিন অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। ঈদের নাটকসহ বিভিন্ন বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে

কেমন আছেন?
এই তো ভালো। আমি এখন পূবাইলে।
ঘুরতে গেলেন, নাকি শুটিংয়ে?
ঘোরা! ঈদের মধ্যে কয়েকটা দিন ঘোরাঘুরি করেছি। গতকাল (সোমবার) থেকে আবার শুটিং শুরু হয়েছে।
কোন নাটকে কাজ করছেন?
মন বাধা মানে না নামের একটি খণ্ড নাটকের কাজ করছি। আমার সহশিল্পী সজল ও হোমায়রা হিমু।খুব সম্ভবত কোরবানির ঈদে নাটকটি প্রচারিত হবে।
ঈদের সময় ঘোরাঘুরির কথা বলছিলেন...
বন্ধুরা মিলে ঈদের আগেই প্ল্যান করেছিলাম দেশের বাইরে বেড়াতে যাব। কিন্তু শেষ মুহূর্তে তা আর হয়নি। তাই বাধ্য হয়ে ঢাকা শহরে ঘুরেছি। বিভিন্ন রেস্টুরেন্টে মজার মজার খাবার খেয়েছি। এভাবেই ঈদের কয়েকটি দিন কাটিয়ে দিলাম।
এবার ঈদে আপনার তো বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে...
হ্যাঁ, এবারের ঈদে আমার অভিনীত অনেকগুলো নাটক প্রচারিত হয়েছে। শুধু একটি নাটক দেখতে পেরেছি। এত বেশি বিজ্ঞাপন প্রচার করে, ইচ্ছে থাকলেও নাটক দেখা সম্ভব হয় না। তবে এবার ঈদে শান্তিমতো একটি সিনেমা দেখার সুযোগ হয়েছে।
আপনি দেখছি মিসড কল দেওয়ার আহ্বান জানাচ্ছেন?
কিসের মিসড কল! ওহ আচ্ছা, এটা তো লাক্স সাবানের নতুন বিজ্ঞাপনচিত্র। এখানে মৌসুমী, মম ও আমি গ্রাহকদের মিসড কল দেওয়ার আহ্বান জানাচ্ছি। খুব অল্প দিনের মধ্যে আমরা কাজটি করেছি। তবে লাক্সের নতুন বিজ্ঞাপনচিত্রটি দেখে পরিচিত সবাই খুব প্রশংসা করেছে।
ডুবোশহর নামে একটি সিনেমায় কাজ করার কথা ছিল?
ডুবোশহর সিনেমাটি ঝুলে গেছে মনে হচ্ছে। কোনো খোঁজখবর আমার কাছে নেই। নাটকের কাজই করে যাচ্ছি। চলছে পড়াশোনাও।
আপনি কোথায় পড়ছেন?
আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং বিষয় নিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছি।
ভবিষ্যতে তাহলে ফ্যাশন ডিজাইনার হবেন নাকি?
তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে নিজের পোশাকগুলো নিজে ডিজাইন করব।