ঈদের দিন ঘুম ভাঙবে দেরিতে: নিপুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপুন
নিপুন

ঈদে মুক্তি পাচ্ছে নিপুন অভিনীত ‘আই ডোন্ট কেয়ার’ ছবিটি। শুধু বড়পর্দা নয় এ ঈদে টিভিতে বেশ কয়েকটি খণ্ড নাটকেও দেখা যাবে তাঁকে। বলা চলে কাজ নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু ঈদের দিনটিতে তাঁর পরিকল্পনা কী? এবারের ঈদের কাজগুলো নিয়েই বা কী আশা করছেন তিনি? চলচ্চিত্র এবং অন্যান্য কাজ নিয়ে কথা বলেছেন তিনি প্রথম আলোর সঙ্গে।

ঈদের দিনের পরিকল্পনা কী?
ঈদের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠব। তারপর মায়ের হাতের রান্না খেয়ে টিভি দেখতে বসব। এরপর প্রেক্ষাগৃহের একটু খোঁজও নিব। আমার ছবি, নাটক দেখে দর্শকদের অনুভূতি জানার চেষ্টা করব।

‘আই ডোন্ট কেয়ার’...কী কেয়ার করছেন না?
কোনো কিছুই কেয়ার করছি না। ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে আমি বাপ্পির বোন থাকি। আমার বিয়ের সময় একটা সমস্যা দেখা দেয়। সেখান থেকেই মূলত গল্পের শুরু। এখানে আমার সহ-শিল্পী নবাগত আদনান আদি। মজার ব্যাপার হল, এই চলচ্চিত্রে আমি সব নতুন শিল্পীদের সঙ্গে কাজ করেছি।

এ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। বাপ্পি, ববি, আদি সবাই অনেক ভালো কাজ করেছে।

আই ডোন্ট কেয়ার ছবিতে নিপুন ও আদি
আই ডোন্ট কেয়ার ছবিতে নিপুন ও আদি

‘আই ডোন্ট কেয়ার’ নিয়ে আপনার প্রত্যাশা ...
প্রত্যাশা অনেক, তবে আমার একটু চিন্তা হচ্ছে। আগের ঈদ গুলোতে সব সিনিয়র শিল্পীদের সঙ্গে আমার ছবি মুক্তি পেত। এবারই নতুনদের সঙ্গে কাজ করেছি। তবে আশার কথা হচ্ছে এই পরিচালকের ‘চাঁদের মত বউ’ চলচ্চিত্রে অভিনয় করে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি।

এবারের ঈদের নাটক ...
এবারের ঈদে বেশ কয়েকটি খণ্ড নাটকে আমি আছি। এ ছাড়া মাসুদ সেজান পরিচালিত ছয় পর্বের ধারাবাহিক ‘ফরমাল-ইন’ এ আমি অভিনয় করেছি। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে।

চলচ্চিত্র এবং নাটক কোন মাধ্যমে নিপুন সেরা?

একজন শিল্পীর জন্য দুই মাধ্যমে কাজ করে সমান জনপ্রিয়তা পাওয়া ভাগ্যের বিষয়। দর্শকের আগ্রহেই আমি নাটকেও কাজ করছি। চলচ্চিত্র আর নাটক দুই মাধ্যমেই কাজ করতে ভালো লাগে।

বিজ্ঞাপনেও নিপুন?

চলচ্চিত্রে অভিনয়ের পরপরই আমি মডেল হয়েছি। তারপর থেকে নিয়মিত কাজ করছি। ঈদ উপলক্ষে মেহেদির একটা বিজ্ঞাপনের কাজ করেছি। বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের খুব কাছাকাছি থাকা যায়।

আগামীকে কোন ধরনের চরিত্রে আপনাকে দেখা যাবে?
আমার খুব ইচ্ছে ছিল মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করব। ইচ্ছাপূরণ হয়েছে। ‘একাত্তরের মা জননী’ নামে একটি চলচ্চিত্রে আমি অভিনয় করেছি। আগামী দিনগুলোতে শুধু ভালো কাজ করে যেতে চাই।