ঈদের সময় দর্শকের সামনে আসতে খুশি লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
অপু বিশ্বাস
অপু বিশ্বাস
ছুটির আমেজেই কাটল ঈদটা। সামনেই পূজা। কিন্তু সেই সময়টায় থাকবে কাজের চাপ। তাই পূজা উদ্যাপন নিয়ে শঙ্কায় এই অভিনেত্রী। তবে শঙ্কা আর পূজার আনন্দ ভেস্তে যাওয়ার দুঃখ কেটে গেছে অপুর। কারণ, তাঁর ঈদের ছবি রাজা বাবু নাকি বেশ ভালোই সাড়া ফেলেছে। ঈদের ছুটিতে বেশ ফুরফুরে মেজাজেই এসব নিয়ে কথা বললেন অপু বিশ্বাস

ঈদ কেমন কাটল?
খুব ভালো। সব জায়গা থেকে রাজা বাবুকে নিয়ে ভালো সাড়া পাচ্ছি। তাই ঈদটা যেন বাড়তি আনন্দ নিয়ে এসেছে। আমাদের ঈদের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়। আর ছবি সফল হলে ঈদের আনন্দ অনেক লম্বা সময় পর্যন্ত থাকে।
ঈদের সময় ছবি মুক্তি পেলে নার্ভাস হন না?
দর্শকেরা আমার স্বজন। তাঁদের কারণেই আমি আজ অপু বিশ্বাস হয়েছি। ফলে ঈদের সময় তাঁদের সামনে আসতে যেমন নার্ভাস হই, আবার খুশিও লাগে।
যে ঈদে কোনো ছবি মুক্তি পায় না, সেই ঈদ কেমন কাটে?
এমন কোনো ঈদের কথা মনে পড়ে না, যখন আমার অভিনীত কোনো ছবিই মুক্তি পায়নি। তবে কোনো ঈদে ছবি মুক্তি না পেলে যে খারাপ লাগবে, তাও ঠিক না। ছবি মুক্তি তো প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে। এমন ঈদও গেছে, যে ঈদে একসঙ্গে আমার তিনটি ছবিও মুক্তি পেয়েছে।
সামনে দুর্গাপূজা। কোথায় কাটাবেন পূজার ছুটি?
ভাবছি পূজার সময় বগুড়া যাব। মাকে নিয়ে পরিবারের সবাই ছুটি কাটাব। আমার বোনদের বিয়ে হয়ে গেছে। তাঁরাও মাকে সেভাবে সময় দিতে পারেন না। কিন্তু এখন মনে হচ্ছে, পরিকল্পনাগুলো সব ভেস্তে যাবে। কারণ, পূজার ওই সময়টায় একটি ছবির শুটিং পড়ে গেছে। তাই এখন আমার ঘটা করে পূজা উদ্যাপন অনিশ্চিত।

সাক্ষাৎকার: শফিক আল মামুন