উচ্চাশা ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মম
মম

লম্বা বিরতির পর বড় পর্দায় ফিরলেন মম। এ সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর ছবি প্রেম করব তোমার সাথে। চলচ্চিত্র নিয়ে শিল্পীদের প্রত্যাশা সব সময়ই থাকে আকাশছোঁয়া। তবে মমর বেলায় বিষয়টি ভিন্ন। কতটা ভিন্ন? শোনা যাক তাঁর কাছ থেকেই
ছবির সাড়া কেমন মিলছে?
এখন পর্যন্ত মোটামুটি ভালো। আর কিছুদিন গেলে ছবির সাফল্যের ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে। পরিচিত-অপরিচিত অনেকেই ছবিটি দেখেছেন। তাঁদের অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। ছবির পরিবেশকদের কাছ থেকেও সাড়া পাচ্ছি।
ছবি মুক্তির আগে যে প্রত্যাশা ছিল, তা কি পূরণ হতে চলেছে?
যতটুকু আশা করেছি তার অনেকখানিই পূরণ হয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের দেখছি। অভিনয়ের যে জায়গাগুলোয় দর্শকের প্রতিক্রিয়া আশা করেছিলাম, তা পাচ্ছি। ছবি নিয়ে উচ্চাশা ছিল না, কিন্তু দর্শকদের ভালো লাগবে—সে আশা পূরণ হয়েছে।
মাঝে এই দীর্ঘ বিরতি কেন?
২০০৭ সালে দারুচিনি দ্বীপ চলচ্চিত্র দিয়ে প্রথম বড় পর্দায় কাজ শুরু আমার। মাঝে নাটকে কাজ করলেও বড় পর্দায় আর ফেরা হয়নি। নিজের পরিবার, পড়ালেখার বিষয়টিও ছিল। সবকিছু গুছিয়ে নিয়ে কাজ করতে চেয়েছি। যখন বড় পর্দার জন্য নিজের প্রস্তুতি শেষ বলে মনে হয়েছে তখনই আবার কাজ শুরু করেছি।
ছুঁয়ে দিলে মন ছবির খবর বলুন...
জানুয়ারি মাসে ছবিটি মুক্তি পাবে। এরই মধ্যে ছবির অডিও অ্যালবাম বাজারে এসেছে। এই ছবিটি নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি।
কেন?
ছবিটি যিনি পরিচালনা করেছেন প্রেমের গল্প নিয়ে পরিচালনার কাজে তিনি খুবই দক্ষ বলে আমি মনে করি। ছবির গল্প মৌলিক। গানগুলো খুবই ভালো হয়েছে। ইতিমধ্যে গানগুলো আলোচনায়ও এসেছে। ছবির লোকেশনও সুন্দর।
সাক্ষাৎকার: শফিক আল মামুন