উপন্যাস লেখার ইচ্ছে আছে: অপূর্ব

অভিনয়শিল্পী অপূর্ব। অভিনয়ের পাশাপাশি নিজেকে ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত করেছেন তিনি। শখের বশে লেখালেখি করেন। পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। অপূর্ব তাঁর বর্তমান ব্যস্ততা এবং ব্যক্তিগত বিষয়-আশয় নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
ব্যবসা করার ইচ্ছে হলো কেন?
আমি সিএইএস পড়েছি। ছাত্র থাকা অবস্থায়ই ব্যবসা করার প্রতি আমার ঝোঁক ছিল। অভিনেতা না হলে হয়তো ব্যবসায়ীই হতাম। দুই বছর আগে থেকেই আমি ব্যবসা শুরু করেছি। এখন তা সম্প্রসারিত করছি। বনানীতে বন্ধুরা মিলে একটি কফি শপ দিয়েছি। খুব শিগগির গুলশানে আরও একটি কফি শপ দেওয়ার কথা ভাবছি। অভিনয়ের পাশাপাশি বাড়তি কিছু আয় হলে মন্দ কী!
ধারাবাহিক নাটকে অনিয়মিত হওয়ার কারণ কী?
একসময় ধারাবাহিক নাটক অনেক করেছি। এখন আসলে মজা পাই না। কারণ, এখন ধারাবাহিক নাটকগুলো শুরু হয় অনেক জমজমাটভাবে, কিন্তু কিছুদিন পরই এর জৌলুশ কমতে থাকে। তাই অনেক ভাবনাচিন্তা করে বেছে বেছে কাজ করছি।
নাট্যকার ও পরিচালক অপূর্ব সম্পর্কে কিছু বলুন।
লেখালেখি করা আমার শখ। সময় না পাওয়ার কারণে লেখালেখি খুব একটা করতে পারি না। ভবিষ্যতে উপন্যাস লেখার ইচ্ছে আছে। আমি ‘ব্যাক ডেটেড’ নামে একটি টেলিফিল্মের কাহিনি রচনা ও পরিচালনা করেছি। বিভিন্ন নাটকের শুটিংয়ের ফাঁকে সময় বের করে তিন বছর ধরে আমি টেলিফিল্মের কাহিনি রচনা করেছিলাম। টেলিফিল্মটি প্রচারিত হওয়ার পর মালয়েশিয়া থেকে একজন আমাকে জানিয়েছেন, তিনি তাঁর মা-বাবার কাছে ফিরে আসতে চান। এটা শুনে মনে হয়েছে, আমি কিছুটা হলেও সার্থক।
প্রথম পরিচালনা করার অভিজ্ঞতা কেমন?
আমার কাছে মনে হয়েছে পরিচালনা করা অনেক বেশি কঠিন কাজ। অভিনয়ই অনেক সহজ মনে হয়। তার পরও নিজের গল্পে পরিচালনার কাজ মাঝেমধ্যে করতে চাই। যদি গল্প ভালো লাগে অন্যের গল্পেও কাজ করার ইচ্ছে আছে।
বর্তমানে কী কাজ করছেন?
কোরবানি ঈদ আর বিশেষ দিবসের জন্য কিছু খণ্ড নাটকের কাজ করছি।
আপনার প্রিয় সহশিল্পী কারা?
তারিন, অপি করিমসহ আরও অনেকে।
আপনার ভবিষ্যত্ পরিকল্পনা কী?
আমি আসলে ভবিষ্যত্ নিয়ে ভাবি না। বর্তমানকে খুব গুরুত্ব দিই। কারণ, আজকে ভালো কাজ করলে আগামীতে ভালো ফল পাওয়া যাবে। এটাই আমি বিশ্বাস করি।