উপলক্ষ রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোকন ঠাকুর
টোকন ঠাকুর
সেন্সর ছাড়পত্র পেয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘রাজপুত্তুর’। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ছবিটি নির্মাণ করেছেন টোকন ঠাকুর। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে ছবিটির প্রযোজক শিল্পকলা একাডেমী। ছাড়পত্র পাওয়ার পর ছবির প্রদর্শনী ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রাসেল মাহ্‌মুদ।

আপনি এখন কোথায়?

বাংলাদেশ টেলিভিশন ভবন এলাকার ভেতরে। ঘাস বিছানো একটা জায়গায় খালি পায়ে ঘাসের ওপরে হাঁটছি। লিখে রেখেছে প্রবেশ নিষেধ। নিষেধ অমান্য করলাম। ঢাকা শহরে ঘাসের ওপর হাঁটার সুযোগ মিস করা উচিত?
‘রাজপুত্তুর’-এর ছাড়পত্র মিলল কবে?
এইতো ৪ ডিসেম্বর খবর পেলাম।
গল্পটার তো একটা মজা আছে?
রবীন্দ্রনাথ নিজেই তাঁর অষ্টাদশী নাতনি পুপেদির সঙ্গে কথা বলেন। তাঁকে নিয়ে কথা বলেন। ছোটবেলার পুপেদি উঠোনের মঞ্চে রাবণবধের দৃশ্য দেখে দাবি করে, সে হরণ হয়ে গেছে। তাকে উদ্ধার করতে রাজপুত্তুরের আবির্ভাব ঘটে। তারপর দিনে দিনে ছোটবেলার দিন ফুরায়। হারিয়ে যায় ‘রাজপুত্তুর’ সুকুমার দা।
ছবিটা দেখানো হবে কোথায়?
এখনো জানি না। শিল্পকলায় গিয়েছিলাম; লাকী ভাইয়ের সঙ্গে দেখা করতে পারলাম না। সংস্কৃতি মন্ত্রণালয় অনুদান দিলেও এর প্রযোজক শিল্পকলা একাডেমি। তারাই জানে কোথায় দেখানো হবে। তবে যত দূর বুঝতে পারছি ৬৪ জেলায় শিল্পকলা একাডেমীর যে অডিটোরিয়াম আছে—সেখানে দেখানো হতে পারে।
কবে নাগাদ প্রদর্শনী শুরু হতে পারে?
কাজটা রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে করা। আশা করা যায় শিগগিরই প্রদর্শনী শুরু হবে।
পাণ্ডুলিপিটা একটু ব্যতিক্রম কায়দায় তৈরি, তাই না?
হ্যাঁ। একজন বলল, শিশুতোষ ছবি বানাবেন? বিজ্ঞাপন দিয়েছে। তাঁকে বললাম, বিজ্ঞাপনটা কপি করে দিতে। সেসময় পড়ছিলাম লীলা মজুমদার সম্পাদিত রবীন্দ্রনাথের কিশোর সংকলন ‘কৈশোরক’। সেখানেই একটা গল্প পেয়ে গেলাম ‘সুকুমার’ নামে। ওই গল্পটাকেই চিত্রনাট্য করব বলে ঠিক করলাম। পরে একটু তল্লাশি চালিয়ে দেখি গল্পটা রবীন্দ্রনাথের ‘সে’ গল্পগ্রন্থের তেরো ও চৌদ্দতম অধ্যায় থেকে নেওয়া। রবীন্দ্রনাথের ১২৫ তম জন্মবার্ষিকীতে লীলা মজুমদার বইটি করেছিলেন। আমি ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছবি বানালাম।
তো এবার? নতুন কাজের কী অবস্থা?
‘কাঁটা’র কাজ চলছে। তবে সেটা নিয়ে এখনই কিছু বলা যাবে না। পরে বলব।
সামনে তো বইমেলা। কোনো বই বেরোচ্ছে না?
দুই তিনজন প্রকাশক বইয়ের জন্য তাগাদা দিচ্ছেন। কিন্তু কবিতা থেকে খণ্ডকালীন নির্বাসনে আছি। কবিতা তো যেকোনো সময় করা যাবে। কবিতা একাই করা যায়, ফান্ড লাগে না। কবিতা আমার মাতৃভূমি। যেখানেই যাই, কবিতাই ফিরে আসবই।