উপস্থাপনে ভিন্নতা আনার চেষ্টা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় হবে উত্তরায়ণের অনুষ্ঠান। আজকের বিষয় ‘গল্প গানে রবীন্দ্রনাথ’। পুরো আয়োজন নিয়ে বললেন উত্তরায়ণের পরিচালক লিলি ইসলাম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যখন তাঁর সঙ্গে কথা হলো, তখন বনানীতে নিজের বাসায় শিল্পীদের নিয়ে শেষ মুহূর্তের মহড়া করছিলেন তিনি।
লিলি ইসলাম
লিলি ইসলাম

অনুষ্ঠানের বিষয় ‘গল্প গানে রবীন্দ্রনাথ’। কেন?
রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোর পেছনে রয়েছে নানা গল্প। আবার গান গাওয়ার সময়ও অনেক গল্প তৈরি হয়েছে। আমরা তেমনি ২০টি গান বেছে নিয়েছি আজকের অনুষ্ঠানের জন্য।
শিল্পীদের তালিকায় কে কে আছেন?
পুরো অনুষ্ঠানটির গবেষণা, গ্রন্থনা ও পরিচালনা করছি আমি। পাশাপাশি গানও করছি। সঙ্গে আছেন হিমাদ্রী শেখর ও সিমু দে। আরও আছেন উত্তরায়ণের শিল্পীরা। কলকাতা থেকে কয়েকজন প্রখ্যাত বাদ্যযন্ত্রশিল্পী এসেছেন। তবলায় থাকবেন বিপ্লব মণ্ডল। রবীন্দ্রসংগীতের সঙ্গে তবলায় যে কী বৈচিত্র্যপূর্ণ সংগত করা যায়, তা বিপ্লব মণ্ডলের বাজানো না দেখলে বোঝা যাবে না। সন্দীপন গাঙ্গুলির বেহালা কথা বলে। বাঁশি বাজাবেন সৌম্য জ্যোতি ঘোষ। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করবেন এবং কি-বোর্ড বাজাবেন সুব্রত মুখার্জি। পারকাশনে আছেন ঢাকার পার্থপ্রতিম গুহ। পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। পুরো আয়োজনটি দুই বাংলার মিলিত প্রয়াস।
সেট ডিজাইন?
লাইট এবং সেট অন্য রকমভাবে তৈরি হচ্ছে। ডিজাইন করেছেন নসিরুল হক খোকন। আশা করছি উত্তরায়ণের অন্য আয়োজনগুলোর মতো এবারও চমত্কার কিছু হবে। আসলে আমরা উপস্থাপনেই ভিন্নতা আনার চেষ্টা করছি।
অনুষ্ঠানের বিষয় নির্বাচনে কোন দিকটি গুরুত্ব দিয়েছেন?
রবীন্দ্রনাথ ঠাকুরকে নতুনভাবে সবার সামনে তুলে ধরা। উত্তরায়ণের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আয়োজনটি করছি।

সাক্ষাৎকার: মেহেদী মাসুদ