‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪’-এর মুকুট জিতলেন মিথিলা। পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ লাখ টাকা, ইমপ্রেস টেলিফিল্মের তৈরি চলচ্চিত্রে অভিনয় ও ভিটের পরবর্তী বিজ্ঞাপনে কাজ করার সুযোগ। কথা হলো তাঁর সঙ্গে

সেরার মুকুট আপনার মাথায়। কেমন লাগছে?
আমার কাছে এখনো স্বপ্ন মনে হচ্ছে। আসলে এ অনুভূতি প্রকাশ করা কঠিন। এত দূর আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক।
এখনো পড়াশোনা করছেন?
হ্যাঁ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মার্চেন্ডাইজিংয়ে পড়ছি। এখন শেষ বর্ষে আছি। অল্প দিনের মধ্যেই স্নাতক শেষ হবে।
ভবিষ্যতে কোন পেশায় আপনাকে দেখা যাবে?
নিজেকে সফল মডেল ও অভিনেত্রী হিসেবে দেখতে চাই। এটাই পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা। আর পড়াশোনা তো করতেই হবে।
পুরস্কারের পাঁচ লাখ টাকা দিয়ে কী করবেন?
অর্থের অঙ্কটা এমন যে এটা দিয়ে বড় কিছুও করা যাবে না, আবার অঙ্কটা তেমন ছোটও না। তাই এখনো বিশেষ কিছু ভাবিনি। দেখা যাক, নিজের জন্যই কিছু করব।
কার সঙ্গে জুটি বেঁধে কাজ করার ইচ্ছা?
আমাদের বিচারক ও মডেল নোবেলের সঙ্গে কাজ করার ইচ্ছা। পছন্দের তারকা আরিফিন শুভ। তাঁর সঙ্গেও কাজ করতে চাই।
বই পড়া অথবা গান শোনা। কোনটি প্রিয়?
গান শোনা হয় বেশি। বাংলাদেশি শিল্পীদের মধ্যে হাবিব, ন্যান্সি, আরফিন রুমিসহ অনেকের গানই আমি শুনি।
সাক্ষাত্কার:
হাবিবুল্লাহ সিদ্দিক