এ আমার এক দারুণ আক্ষেপের জায়গা
আগন্তুক রেপাটরির প্রথম মঞ্চ নাটক ‘অন্ধকারে মিথেন’ আবার মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। গত শুক্রবার শুরু হয়েছে বাতিঘর নাট্যমেলা। চার দিনের এই নাট্যমেলায় কাল রোববার সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটকটি। ‘অন্ধকারে মিথেন’ নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন পান্থ শাহ্রিয়ার। কথা হলো ত্রপা মজুমদারের সঙ্গে।

‘অন্ধকারে মিথেন’ নাটকটি নিয়ে কিছু বলুন।
আমরা একধরনের নিরীক্ষা করতে চেয়েছি। অভিনয় দিয়ে ধরতে চেয়েছি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলোকে। সফোক্লিসের ইডিপাস থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটি গল্প তৈরি করেছি। দেখতে চেয়েছি মানুষ কী করে নিয়তির কাছে নিজের অজান্তেই আটকে পড়ে। আর তা জানতে চেয়েছি নারীর অন্তর্গত অনুভূতি থেকে।
আগন্তুক রেপাটরির যাত্রা কবে শুরু হলো।
গত বছর। ‘অন্ধকারের মিথেন’ এই রেপাটরির প্রথম নাটক। গত বছর ২৯ মার্চ নাটকটির প্রথম প্রদর্শনী হয়।
এবার টিভি নাটক নিয়ে কথা বলতে চাই। টিভি নাটকের দর্শকেরা আপনাকে পায় না। কেন?
এর কারণ দুটো। প্রথমটি হচ্ছে, সময় পাই না। এই অঙ্গনে যাঁরা কাজ করেন, এটাই তাঁদের পূর্ণকালীন পেশা। আমি তো একটি ভিন্ন পেশায় জড়িত। সেখানে সময় দেওয়ার পর টিভি নাটকে অভিনয়ের জন্য সময় বের করা মুশকিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে, টিভি নাটকে কাজ করার উৎসাহ পাই না। মনে হয়, কে দেখবে এত নাটক! এত এত চ্যানেল। আমার মনে হয় এর ভেতর খুব কম মানুষই নাটক দেখে। তবে কোনো বিশেষ উপলক্ষ্য ধরে বিশেষ নাটকের প্রস্তাব পেলে করব হয়তো।
আপনি তো থিয়েটারের সদস্য। থিয়েটারের নতুন প্রযোজনার খবর কী?
দলের নতুন একটি প্রযোজনার প্রস্তুতি প্রায় শেষ। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। আগামী ডিসেম্বর মাসে ‘থিয়েটার সপ্তাহ’ উপলক্ষে নাটকটি মঞ্চস্থ হবে।
টেলিভিশনের নাটক দেখেন?
সময় হয় না। তা ছাড়া বিজ্ঞাপনের যন্ত্রণায় টেলিভিশনের সামনে বসতেও ইচ্ছা করে না। টিভি চ্যানেলগুলো যদি তাঁদের বিজ্ঞাপনের একটি যথাযথ নীতিমালা না করে তাহলে সামনে তাঁদের বিপদে হতে পারে। এই নীতিহীন বিজ্ঞাপন প্রচারের ফলে দর্শক টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে চ্যানেলগুলো নিজেদের ক্ষতি তো করবেই, শিল্পটাও ধসে যাবে।
সিনেমায় অভিনয় করা হলো না যে? এ নিয়ে কোনো আফসোস আছে?
এ আমার এক দারুণ আক্ষেপের জায়গা। ভালো কোনো চলচ্চিত্রে অভিনয় করাই হলো না। কেউ যদি ভালো কোনো ছবির জন্য প্রস্তাব দেয় হয়তো করব।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ