এ জন্যই হয়তো অর্ণব আমাকে এতটা সম্মান করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবার নিজস্ব প্রডাকশন থেকে একক গান করলেন সুনিধি নায়েক। দীর্ঘ দুই বছর সময় নিয়েছেন এ গানটি করতে। অবশেষে সেটি আজ প্রকাশ পেতে যাচ্ছে। গান এবং বাঙালি বধূ হয়ে ওঠাসহ নানা প্রসঙ্গে কথা বললেন সুনিধি।
সুনিধি নায়েক
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

গত বৃহস্পতিবার ‘প্রান্তরের গান’ শিরোনামে নতুন গানের অফিশিয়াল ট্রেলার ছেড়েছেন, পুরো গানটি কোথায় পাব?

গানটি প্রকাশ করব করব করে হয়ে উঠছে না। এককভাবে প্রডাকশন থেকে প্রথমবার গান করেছি তো, এ জন্য একটু সময় নিয়েছি। মঙ্গলবার ছাড়ব। আমার ‘সুনিধি নায়েক’ ইউটিউব চ্যানেলে দেখতে পারেন।

প্রশ্ন :

বেশির ভাগ সময় আপনাকে রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়, এবার কী ধরনের গান করেছেন?

এটা একদমই মৌলিক গান। রোমান্টিক ঘরানার। আমরা একটু একটু করে গানটি তৈরি করেছি। প্রথমে আমরা স্টোরি বোর্ড করেছি, ফটোগ্রাফি করেছি, তারপর গানের কথা এগিয়েছে। এভাবে আইডিয়া ভাগাভাগি করে গানটি প্রস্তুত করেছি। বন্ধুরা মিলে গানটি করা। আমি নিজেই মডেলিং করেছি।

অর্ণবের সঙ্গে সুনিধি
ছবি: ফেসবুক

প্রশ্ন :

আপনার বেশির ভাগ গানেই কখনো কণ্ঠ, কখনো পিয়ানো বাজিয়ে সঙ্গে থাকেন শায়ান চৌধুরী অর্ণব। এবার নাকি অর্ণবের কোনো সহযোগিতা নিতে চাননি?

বিষয়টা ঠিক তেমন না। আর হ্যাঁ, আমরা বেশির ভাগ গান একই সঙ্গে করি। এবার এককভাবেই গিয়েছি (হাসি)। আসলে আমার বন্ধুরা ছিল। তবে অর্ণব কিন্তু পেছনে সব সময়ই ছিল। হয়তো আমরা প্র্যাকটিস করছি, সে শুনে বলল এখানে, এভাবে করা যায়। গানের লাইন দেখে একটু কারেকশন করে দিল। এ ছাড়া পুরো গান ও ভিডিওটি তৈরিতে আমাকে সাহস জুগিয়েছে অর্ণব। তার কাছে আমি কৃতজ্ঞ।

প্রথমবার নিজস্ব প্রডাকশন থেকে একক গান করলেন সুনিধি নায়েক
ছবি: ফেসবুক

প্রশ্ন :

সংসার কেমন চলছে?

বাংলাদেশে এসে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। ট্র্যাফিক জ্যাম, আবহাওয়া, খাবার, পরিবেশের সঙ্গে একটু একটু করে মানিয়ে নিয়েছি। ঢাকায় আসার পর প্রথমেই মনে হয়েছিল, মিউজিক ছাড়া বাঁচতে পারব না। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতক করেছি। শান্তিনিকেতনে সময় কেটেছে। তখন গানের রিহার্সাল করছি, গান নিয়ে নতুন নতুন বিষয় জানার চেষ্টা করেছি, ফটোগ্রাফি করছি, ডাবিং করছি, সব সময় গানের সঙ্গেই ছিলাম। যে কারণে বাংলাদেশে আসতে প্রথম দিকে ভয় লেগেছে। শুধু একটি কারণে—আমি সংগীতচর্চাটা করে যেতে পারব তো? এখন মনে হয় থেকে যেতে পারব। কারণ, এখানে অনেক ভালো ভালো মিউজিশিয়ান রয়েছেন, স্টুডিও রয়েছে, তাঁদের সঙ্গে ভালো সময় কাটে, সবাই মিশুক। বাসাও নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। ঢাকার বাসা এখন নিজের বাড়ি বাড়ি মনে হয় এখন।

প্রশ্ন :

বাংলাদেশের কোন খাবারটা ভালো লাগছে?

বাংলাদেশের বিরিয়ানি, ভুনা খিচুড়ির দারুণ ভক্ত।

প্রশ্ন :

আপনি শহরটাকে নিজের মতো করে ভাবতে চেষ্টা করছেন, বাসাটা নিজের মতো করে সাজিয়েছেন, সংগীতচর্চা অব্যাহত রাখা, ঢাকার বধূ হয়ে ওঠা—এসব চেষ্টায় অর্ণব আপনাকে কতটা সাহায্য করেন?

অর্ণব ওর মতো করে থাকতে চায়। আর সিরিয়াসলি অর্ণব খুবই অলস। তার মতো করে থাকতেই পছন্দ করে। হয়তো কিছু বললাম, তখন কোনো রেসপন্স করল। এমনও হয় যে, সারা দিন ওর মতো করে ব্যস্ত থাকছে হয়তো অল্প সময়ের জন্য আমাকে সাহায্য করল। তাঁর মতো করেই আমি তাঁকে থাকতে দেই। এটা নিয়ে কারও কোনো সমস্যা নেই। এ জন্যই হয়তো অর্ণব আমাকে এতটা সম্মান করে। আমাদের বোঝা পড়া ভালো।

সুনিধি নায়েক
ছবি: ফেসবুক