এ দেশটাকে খুব ভালো করে চিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে সঞ্চালকের আসনেই সবাই দেখে এসেছে। কলকাতার তারা বাংলা চ্যানেলে ‘আজ সকালের আমন্ত্রণে’ নামের একটি অনুষ্ঠানের সঞ্চালক তিনি। এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরাও নিয়মিত অংশ নেন। বাংলাদেশের শিল্পীদের কাছ থেকেই সে সময় রিনি বিশ্বাস শুধু শুনতে চান এ দেশের কথা। কারণ, তাঁর শিকড়টাও যে এ দেশেই। তাই শিকড়ের টানে বাংলাদেশে

রিনি বিশ্বাস
রিনি বিশ্বাস

আসা রিনি বিশ্বাসের
সঙ্গে কথা হলো এবার
হঠাৎ বাংলাদেশে?
আজ ১০মে বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘জয়ধ্বনির গান’ নামের একটি সংগীতানুষ্ঠান সঞ্চালনা করব। এর আয়োজন করেছে জয়ধ্বনি সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন। তাদের আমন্ত্রণেই এবার বাংলাদেশে আসা। এ অনুষ্ঠানে আমি আবৃত্তিও করব। আর এতে গাইবেন মাহমুদা মৌমিতা, প্রদীপ কুমার নন্দী, প্রিয়াংকা গোপ ও প্রকাশ কুমার বণিক।
কত দিন পর বাংলাদেশে এলেন?
২০১৩ সালে প্রথমবার বাংলাদেশে আসি। এ নিয়ে দ্বিতীয়বার এলাম। তবে বাংলাদেশকে আমার কখনোই কম চেনা মনে হয় না। মনে হয়, আমি এ দেশটাকে খুব ভালো করে চিনি। আসলে আমার শিকড়টাই তো এ দেশে। আমার বাবার বাড়ি গোপালগঞ্জ আর মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁদের মুখ থেকে বাংলাদেশের গল্প শুনতে শুনতেই আমার বেড়ে ওঠা।
এবারের সফর কি শুধুই ‘জয়ধ্বনির গান’ সঞ্চালনার খাতিরে?
না। আগামীকাল ১১ মে আমার ও তাহসিন রেজার একটি আবৃত্তির অ্যালবাম প্রকাশ পাবে। বিশ্বসাহিত্য কেন্দ্রে হবে এর মোড়ক উন্মোচন। তাতে অংশ নেব। অ্যালবামের নাম কথা পুরুষ কবিতা নারী। এতে দুই বাংলার জনপ্রিয় কবিদের ২০টি কবিতা রয়েছে। দুটি দ্বৈত আবৃত্তি আর নয়টি করে একক আবৃত্তি।
আপনার পরিবারের কথা জানা হয়নি
আমার স্বামীর নাম পিনাকী সৌকালিন ঘোষ। তাঁর একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে কলকাতায়। আমাদের ছেলের ডাকনাম পাবলো। আর ভালো নাম রিক রৌণক। ওর বয়স ১০।
ওদের নিয়ে বাংলাদেশে আসা হয়নি?
কথা ছিল বাবা-মাসহ পুরো পরিবার নিয়ে গত ২০ মার্চ বাংলাদেশে আসব। গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরিকল্পনা ছিল। এমনকি ২ এপ্রিল আবারও কলকাতায় ফেরার জন্য টিকিট পর্যন্ত করা হয়েছিল। কিন্তু সে সময় শুনেছি, দেশের রাজনৈতিক অবস্থা ভালো ছিল না। তাই তখন আর কেউ বাংলাদেশে বেড়ানোর সাহস দেয়নি। তবে আসছে শীতে আবারও বাংলাদেশে পুরো পরিবার নিয়ে আসব।
সাক্ষাৎকার: আদর রহমান