৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৪তম নির্বাচন শেষ হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। নির্বাচনে অভিজ্ঞতা ও সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই শিল্পীনেতা। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।

অভিনন্দন। বিজয়ী হয়ে কেমন লাগছে?
আপনাকে ধন্যবাদ। এর আগে একাধিকবার এই সমিতিতে নির্বাচন করে বিজয়ী হয়েছি। প্রতিবারের বিজয়টা নিজের বিজয় মনে হয়েছে। কিন্তু এবারের বিজয়টি সবার। এ জন্য বেশি আনন্দ লাগছে।
এবারের বিজয় সবার কেন?
একটা আদর্শ ও উদ্দেশ্য সামনে রেখে নির্বাচনে অংশ নিয়েছিলাম। নির্বাচনের স্লোগান ছিল ‘নীতিগতভাবে আমরা এক’। এই স্লোগান যে শুধু আমাদের প্যানেলের ২১টি পদপ্রার্থীর, তা নয়। চলচ্চিত্রের সব শিল্পীই এই স্লোগানে সমর্থন দিয়েছেন। তাই আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। এ জন্যই এ বিজয় সবার।
আপনার ইশতেহারে ২১ দফা প্রতিশ্রুতি আছে। আগামী ১০০ দিনে ইশতেহার বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেবেন?
এটি একটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান। তাই রাজনৈতিক সংগঠনের মতো ১০০ দিনের কোনো ভিশন এখানে প্রযোজ্য নয়। তারপরও আগামী ১০০ দিনের মধ্যে কিছু কাজ বাস্তবায়ন করতে চাই। প্রথমে বিজয়ী ও পরাজিতসহ সমিতির সব সদস্য–শিল্পীকে নিয়ে বৈঠক করব। এরপর আমাদের চলচ্চিত্রের যেসব জ্যেষ্ঠ শিল্পী আছেন, তাঁদের নিয়ে একটি ভালো উপদেষ্টামণ্ডলী গঠন করব। তাঁরা চলচ্চিত্রের উন্নয়নে পাশে থেকে সদুপদেশ দেবেন। এ ছাড়া বন্ধ হয়ে যাওয়া বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের সঙ্গে বসে তাঁদের আবারও ছবি নির্মাণে উৎসাহিত করতে চাই।