
কণ্ঠশিল্পী লোপা হোসেইন–এর অনেক গুণ। সংগীতচর্চার পাশাপাশি লেখালেখি, সংবাদ পাঠ, উপস্থাপনা করেন। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন থেকে বাজারে এসেছে তাঁর নতুন গানের অ্যালবাম আত্মা-সঙ্গী। এই সূত্রে কথা হলো তাঁর সঙ্গে।
‘আত্মা-সঙ্গী’ আপনার কততম অ্যালবাম?
এটি তৃতীয় একক অ্যালবাম। আমার প্রথম একক আঁড়ি ২০০৭ সালে এবং দ্বিতীয় একক অ্যালবাম আশার ভেলা ২০১৩ সালে বাজারে এসেছিল। নতুন অ্যালবামটির সব গানেরই কথা ও সুর সীরাজুম মুনিরের। সহশিল্পী হিসেবে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানের সংগীত পরিচালনা করেছেন জে কে মজলিশ, সাজিদ সরকার ও তাহসিন আহমেদ। অ্যালবামটিতে মোট পাঁচটি গান রয়েছে।
এখন তো শিল্পীদের অ্যালবাম প্রকাশ করতে দেখা যায় না। আপনি এই সময়ে কেন অ্যালবাম প্রকাশে আগ্রহী হলেন?
এটা ঠিক যে এখন গানের বাজারটা অন্য রকম হয়ে গেছে। এই অ্যালবাম আমার অনেক আগ্রহ আর স্বপ্নের ফসল। অ্যালবামটির সব গানের স্রষ্টা যদি আমার স্বামী সীরাজুম মুনির না হতো, তাহলে হয়তো আমি অন্যভাবে ভাবতাম। বিয়ের আগে থেকেই আমরা এমন কিছু একটা পরিকল্পনা করেছিলাম। আমরা যখন নিজেদের মাঝে একে অন্যের ‘আত্মা–সঙ্গী’কে খুঁজে পেয়েছিলাম, সেটি ছিল এক রকম অব্যক্ত অনুভূতি। প্রথম বিবাহবার্ষিকীতে একে অন্যের জন্য আত্মা–সঙ্গী অ্যালবামটি নিয়ে এলাম।
তার মানে অ্যালবাম প্রকাশনার দিন আপনাদের বিবাহবার্ষিকী ছিল?
ঠিক।
আগামীর ভাবনা কী?
সংসার করছি। দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তি হয়েছি; ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগে। সংবাদ পাঠ, উপস্থাপনা যতটুকু শিখেছি বা জেনেছি, তা অন্যদের মাঝে শেয়ার করতে চাই। আমার নিজের একটি প্রতিষ্ঠান আছে। সেখানে নবীনদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টাই করছি।
সাক্ষাৎকার: মাসুম আলী