>শুক্রবার মুক্তি পাওয়া ওয়ান ওয়ে ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। তবে ছবি মুক্তির দিন এ অভিনেতা দেশে ছিলেন না। ১৮ অক্টোবর থেকে একটি ধারাবহিক নাটকের শুটিংয়ে তিনি এখন নেপালে। সেখান থেকে মুঠোফোনে তাঁর নতুন ছবিসহ আরও বেশ কিছু খবরও দিলেন।

ছবিটির মুক্তির সময় দেশে থাকলেন না কেন?
সব সময়ই ছবি মুক্তির আগে ও পরে প্রচারণার জন্য আমি আলাদা সময় বরাদ্দ রাখি। মুক্তির দিন ঢাকার হলগুলো ঘুরে দেখি। দর্শকের সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে। ওয়ান ওয়ে ছবিটি গেল ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তখন সময়ও রেখেছিলাম। পরে মুক্তির দিন পিছিয়ে যায়। নাটকের শুটিংয়ের জন্য বর্তমান শিডিউল অনেক আগেই দেওয়া ছিল। তাই নতুন সময়ে মুক্তির তারিখ ঠিক হওয়ায় দেশে থাকতে পারলাম না।
ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন?
অনেক আশাবাদী। তবে ঢাকার মধ্যে ভালো হল পায়নি ছবিটি। ভালো প্রেক্ষাগৃহগুলোয় ছবিটির প্রদর্শনী হলে আরও ভালো লাগত।
কোন দিক থেকে ছবিটি ভালো হয়েছে বলে মনে করছেন?
একটি ভালো ছবির ক্ষেত্রে গল্প ও পরিচালক দুটোই গুরুত্বপূর্ণ। এই ছবিতে সবই আছে। এখানে আমার নিজের কাজ দিয়েই বলতে পারি, ভালো হয়েছে ছবিটি।
নতুন আর কী কী ছবিতে কাজ করছেন?
স্বপ্নবাড়ি নামে নতুন একটি ছবির কাজ শুরু করেছি। এরই মধ্যে আরও পাঁচটি ছবির কাজ শেষ হয়েছে। সবগুলোই মুক্তির জন্য প্রস্তুত। ছবিগুলো হলো রাজনীতি, ক্রাইমরোড, টার্গেট, রাত্রীর যাত্রী ও সাদাকালো প্রেম।
মঞ্চে অভিনয় কি ছেড়েই দিলেন?
২০০৮ সালে নাট্যদল ‘দেশ নাটক’ পরিবেশিত বিরসা কাব্য নাটকে মঞ্চে শেষ অভিনয় করেছি। এরপর আর করা হয়নি। চলচ্চিত্র ও নাটকে একসঙ্গে কাজ করার কারণে এখন আর মঞ্চে সময় দিতে পারছি না।
সাক্ষাৎকার: শফিক আল মামুন