এই দিনে মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্যই গানগুলো করা
আজ পয়লা বৈশাখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ও প্রথম আলো ফেসবুক পেজে একযোগে প্রকাশিত হবে সিঁথি সাহার গাওয়া চারটি গান। এর মধ্যে ‘ডাকে পহেলা’ গানটি মৌলিক এবং বাকি তিনটি কভার করা। তার মধ্যে রাধারমণের ‘তোরা শোন গো নীরব হইয়া’ ও ‘জলের ঘাটে’। আরেকটি শচীন দেববর্মনের ‘রঙ্গিলা রঙ্গিলা’। মৌলিক গানটির সুর-সংগীতসহ কভার গানগুলোর সংগীতায়োজন করেছেন জি এম জন। গানগুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সিঁথি সাহা। প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সিঁথি সাহা।
এ গানগুলো করার উদ্দেশ্য?
প্রতিবছরই পয়লা বৈশাখ ধরে ভিন্ন কিছু করার পরিকল্পনা করি। গত বছর এদিন ঢাকায় কনসার্ট করেছিলাম। এবারের বৈশাখে একটু ভিন্ন কিছু করার চেষ্টা ছিল। ফোকগান করার প্রতি আমার দুর্বলতা আছে। সেই জায়গা থেকে রাধারমণ ও শচীন দেববর্মনের গান করার ইচ্ছা ছিল। পয়লা বৈশাখ উৎসবমুখর দিন। এই দিনে মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্যই গানগুলো করা।
প্রশ্ন :
ফোকগানের প্রতি বিশেষ আগ্রহের কারণ কী?
লালনের দেশ কুষ্টিয়ায় আমার জন্ম। ছোটবেলা থেকেই লালনের গান দিয়ে আমার সংগীতচর্চা শুরু। সেই জায়গা থেকেই ফোকের প্রতি দুর্বলতা আমার। তা ছাড়া প্রতিটি স্টেজ শোতে একটি–দুটি ফোকগান করি। আর পয়লা বৈশাখ পুরোটাই বাঙালিয়ানা ব্যাপার। সারা পৃথিবীতে ফোকগানের জন্য বাংলাদেশের সুনাম আছে।
প্রশ্ন :
পরিচিত তিনটি গান কভার করেছেন। নতুন করে গানগুলো কেমন হয়েছে?
রাধারমণের বা শচীন দেববর্মনের গান এখনকার তরুণ শ্রোতারা খুব একটা শোনেন না। কিন্তু তাঁরা রবীন্দ্রসংগীত শোনেন। কারণ, আমরা এখন রবীন্দ্রসংগীতকে তাঁদের মতো করে তাঁদের কাছে পৌঁছে দিতে পারছি। তাই তাঁরা পছন্দ করছেন। এ ফোকগানগুলো যেহেতু বৈশাখের জন্য করা, তাই মূল সুর ঠিক রেখে এখনকার সময়ের মতো করে করা হয়েছে। বাঙালিয়ানা ঢং রাখতে গানগুলোতে বাঁশি, দোতারা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নিজেদের মাটির জায়গা ঠিক রেখে গানগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করেছি। শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে গানগুলো।
প্রশ্ন :
মিউজিক ভিডিওতেও কী সেই ছাপ আছে?
অবশ্যই। দৃশ্যায়ন ড্রামাবেস করিনি, পারফরম্যান্স–বেস করা হয়েছে। হাতে সময় কম ছিল, এ কারণে কাজগুলো দ্রুত করতে হয়েছে। তবে প্রতিটি গানের সংগীতচিত্রে বৈশাখী ছাপ আছে। সোনারগাঁ ফোক, আর্ট অ্যান্ড ক্র্যাফট মিউজিয়ামে শুটিং করা হয়েছে। লোকেশনের পাশাপাশি ভিডিওর মধ্যে কলাকুশলীদের পোশাকে বাঙালিয়ানা ব্যাপারটি শতভাগ রাখার চেষ্টা ছিল। এসবের জন্য ‘মাই হেরিটেজ’ সহযোগিতা করেছে। বলতে পারেন, একটা গোছানো কাজ হয়েছে।