এই ধারাবাহিকের নিজস্ব কিছু ধরন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় নিয়মিত প্রচারিত হচ্ছে আফসানা মিমি ও রাকেশ বসু পরিচালিত সাতটি তারার তিমির। আজ ধারাবাহিকটির ১৫০তম পর্ব প্রচারিত হবে। শুরু থেকেই ধারাবাহিকটিতে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস। কথা হলো তাঁর সঙ্গে।

মৌটুসী বিশ্বাস ছবি: সাতটি তারার তিমির ধারাবাহিকের সৌজন্যে
মৌটুসী বিশ্বাস ছবি: সাতটি তারার তিমির ধারাবাহিকের সৌজন্যে

‘সাতটি তারার তিমির’ দর্শকের ভালো লাগার কারণ কী বলে আপনার মনে হয়?
একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ডলস হাউস-এর সিক্যুয়াল সাতটি তারার তিমির। ডলস হাউস ধারাবাহিকটি দর্শকদের মনে দাগ কেটেছিল। দুটি ধারাবাহিকের সবচেয়ে বড় দিক হলো আফসানা মিমির প্রোডাকশন। তিনি একটা মান বজায় রেখে কাজ করেন। ধারাবাহিকটির গল্প, চরিত্র, সেট, পোশাকসহ সব বিষয়ে সমান গুরুত্ব দেন। একই সঙ্গে গুছিয়ে কাজ করেন। আজকাল অনেকেই এ ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করেন না। দর্শকের ভালো লাগার এটিও বড় কারণ।
পাশের দেশের ধারাবাহিক থেকে ‘সাতটি তারার তিমির’ নিশ্চয়ই আলাদা?
আগেই বললাম, এই ধারাবাহিকের নিজস্ব কিছু ধরন আছে। এটা গল্প বলা থেকে শুরু করে প্রপস পর্যন্ত। দর্শক এই নিজস্বতাটুকু সহজেই ধরতে পারেন। আফসানা মিমির বন্ধন থেকে শুরু করে সব সিরিয়ালই দর্শকনন্দিত। এটিও তার ব্যতিক্রম হচ্ছে না। আর আমার ব্যক্তিগত মত হলো, পাশের দেশের ধারাবাহিকগুলো কেন যেন একঘেয়ে লাগে।
ধারাবাহিকের সাগুফতার সঙ্গে আপনার বাস্তব জীবনের মিল কতটুকু?
একদমই নেই। কারণ সাতটি তারার তিমির-এর সাগুফতা হুট করে এমন কিছু করে ফেলে, যেটা দেখে অন্যরা স্তম্ভিত হয়ে যায়। অন্যকে খোঁচানো, জ্বালানো তার স্বভাব। আমি এগুলোর ঠিক উল্টো। শান্ত, ধীরস্থির। আমার আশপাশের লোকজন কিন্তু এটাই বলে।
‘সাতটি তারার তিমির’-এর পরিচালক আফসানা মিমি নিজেও একজন গুণী অভিনেত্রী। এতে কি বিশেষ কোনো সুবিধা বা অসুবিধা হয়?
অসুবিধা হয় খুব কম। তবে আমি এতটুকু বলব, মিমি আপা একজন অভিনেত্রীকে চরিত্রে ঢুকে যেতে সাহায্য করেন। তাঁদের বোঝেন এবং সেই অনুযায়ী কাজ করেন। আর তাঁর বড় গুণ, তিনি কাজের সঙ্গে কোনো ধরনের আপস করেন না। এতে যদি বাজেটও বেড়ে যায়, তবুও।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক