>

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে দারুণ ব্যস্ত চঞ্চল চৌধুরী। অভিনয় দিয়ে আদায় করেছেন মানুষের ভালোবাসা, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপাতত কাজ থেকে নিজেকে দূরে রাখছেন। গতকাল বুধবার সকালে যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি রাস্তায়।
কোথায় যাচ্ছেন?
পরিবারের সবাই মিলে পাবনা যাচ্ছি। আমার গ্রামের বাড়ি পাবনা জেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাটে। মা–বাবা এখনো সেখানেই থাকেন। তাই পূজা এলেই সবাই মিলে গ্রামের বাড়িতে উদ্যাপনের জন্য যাই।
বছরে অন্য সময় কি আর গ্রামে যাওয়া হয় না?
অভিনয় শুরু করার পর বছরের বেশির ভাগ সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। অন্য ভাইয়েরাও তাঁদের পেশাগত কাজের কারণে বাড়িতে থাকেন না। তাই অন্তত এই সময়টাতে সবাই ব্যস্ততাকে ছুটি দিয়ে দিই।
আপনাদের বাড়িতে পূজার আয়োজন হয়?
না। আমাদের পাশের গ্রামে বোনের শ্বশুরবাড়ি, সেখানে পূজার আয়োজন হয়। আমাদের গ্রামটা খুবই ছোট। এখানে পাঁচটা পূজা হয়। পূজার সময় পুরো গ্রামে উৎসবমুখর পরিবেশ থাকে। সব ধর্মের মানুষ আসে। কোনো ভেদাভেদ থাকে না।
ছোটবেলার পূজার সঙ্গে এখনকার তুলনা...
ছোটবেলায় অপেক্ষা করতাম, কবে পূজা শুরু হবে। কখন নতুন জামা পরব। এখন তো আর আমাদের সেই সময় নেই। সন্তানদের পূজার আনন্দেই আনন্দিত হই। ওদের আনন্দ মানেই আমার আনন্দ। তা ছাড়া আগে বাড়ি ফিরলে দিনগুলো খুব সাধারণভাবেই কাটত। এখন যে কটা দিন বাড়িতে থাকি, দেখা যায়, ভোর পাঁচটা-ছয়টা থেকে রাত আটটা-দশটা পর্যন্ত লোকজন আসেন, দেখা করেন।
শুধুই কি আপনার সঙ্গে দেখা করতে আসেন?
আমার ভাই, ভাবি ও আমার স্ত্রী তিনজনই চিকিৎসক। অনেকে পুজোর সময় চিকিৎসাসেবাও নেন। গ্রাম ও আশপাশের মানুষদের সেবা করতে পেরে আমাদের পরিবারও খুব আনন্দিত হয়। এসবের মধ্য দিয়ে তিন-চার দিন যে কত দ্রুত পার হয়ে যায় টেরই পাই না।
ঢাকায় ফিরে কি আবার সেই শুটিং?
না। আয়নাবাজি ছবির ডাবিং শুরু হয়েছে। ডাবিং শুরুর আগে ৩০ অক্টোবর দুই দিনের জন্য কাতারে একটি শোতে অংশ নিতে যাব।
সাক্ষাৎকার: মনজুর কাদের