এক ভক্ত আমার বোনকে হুমকি দিয়েছে

নাদিয়া মিমসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা রকম চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী নাদিয়া মিম। ঈদে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে তাঁর বেশ কয়েকটি নাটক। ঈদের পর আবারও শুটিং শুরু করেছেন তিনি। কাজসহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বললেন এই টিভি তারকা।

প্রশ্ন :

কক্সবাজারে চলে গেছেন?

ঈদের আগে এই করোনার মধ্য টানা কাজ করে হাঁপিয়ে উঠেছিলাম। সে জন্য এ মাসের ৫ তারিখে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে। এখন শুটিং করছি।

শুটিং শুরু করেছেন নাদিয়া মিম
সংগৃহীত

প্রশ্ন :

শুটিং করতে অনেকে এখনো ভয় পাচ্ছে, আপনার কী অবস্থা?

আমি শুটিং করতে ভয় পাচ্ছি না। খুব সতর্ক আছি। প্রয়োজন ছাড়া কারও সঙ্গে মিশি না। আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকি।

প্রশ্ন :

শুনছি শুটিংয়ে অনেকেই নাকি এখন আর স্বাস্থ্যবিধি মানে না? আপনি কী দেখছেন?

নিয়ম কে মানবে, নাকি মানবে না, এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। টিম যদি আমাকে নিরাপত্তা না দেয় বা কেউ যদি নিজের ইচ্ছেমতো স্বাধীনভাবে থাকে, টিম লিডার যদি কিছু না বলে, তাহলে সবার মধ্যে গা–ছাড়া ভাব থাকে। আমাদের কাজে সাইকোলজিক্যাল ও ফিজিক্যাল ইনভলভমেন্ট লাগে। যে কারণে কাজের ক্ষেত্র অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে।

প্রশ্ন :

এখনো কি রাত ১২টা পর্যন্ত শুটিং করতে হয়?

প্রয়োজন হলে করি। ওয়েদারের ওপরেও নির্ভর করে কাজ শেষ করতে দেরি হয়। অনেক সময় দিনের দৃশ্য ইম্প্রোভাইজ করে রাতে আনতে হয়। আবার টেকনিক্যাল ত্রুটির কারণেও অনেক সময় কাজ শেষ করতে গেলে দেরি হয়ে যায়।

ছবি তুলতে ভালোবাসেন মিম
সংগৃহীত

প্রশ্ন :

মহামারি আপনার জীবনে কী উপলব্ধি এনে দিল?

জীবনকে অনেকটা সময় রেস্ট দিলাম। কিন্তু একটা সময় এটাও বুঝতে পারলাম, কাজ না করে থাকা যায় না।

সামাজিক গল্পে অভিনয় করতে ভালোবাসেন মিম
সংগৃহীত

প্রশ্ন :

রোমান্টিক, কমেডি, সব রকম গল্পেই কাজ করেন, পছন্দ কোনো ধারা?

আমাদের সব ধরনের দর্শকই আছে। এ জন্য সব গল্পেই কাজ করি। কিন্তু পারিবারিক, জীবনঘনিষ্ঠ কাজ আমাকে টানে বেশি। যে গল্পে জীবনের ক্রাইসিস আছে, একটা মেসেজ আছে, সে রকম গল্প।

প্রশ্ন :

অনেকে মনে করে ‘ভিউ’ বেশি মানেই নাটক মানসম্মত? আপনার মত কী?

‘ভিউ’ আমরা কাউন্ট করি, তবে কাজের মান ভিউ দিয়ে বিচার করি না। কেমন গল্প, কেমন অভিনয় করলাম, সেটাই আমার কাছে প্রধান। সব নাটকের কমবেশি দর্শক আছে। তবে দর্শক যা চায়, সেটাও মাঝেমধ্যে করতে হয়।

প্রশ্ন :

সম্প্রতি ফেসবুকে যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে আপনার পোশাক নিয়ে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছেন। রাগ হচ্ছে না?

আলোচনা-সমালোচনা, দুটোই জরুরি। কিন্তু অনেকেই অযৌক্তিক মন্তব্য করছেন। আমি এমন অশালীন পোশাক পরেছি কি? বাজে কমেন্টের মধ্য দিয়ে তাদের নোংরা মানসিকতা প্রকাশিত হচ্ছে। মিডিয়ায় কাজ করি বলে ক্ষেত্রবিশেষে অনেকেই অন্যভাবে দেখে। ইনস্টাগ্রামে আমাকে যে ফলো করে, একই ব্যক্তি ফেসবুকেও ফলো করছেন। আমি যদি খারাপ হই, তাহলে আমাকে আনফলো করুন। কিন্তু কারও ব্যক্তিগত বিষয় নিয়ে অসভ্য,অশ্লীল ভাষায় মন্তব্য করার অধিকার কারও নেই। অবশ্য মন্তব্য করলে আমি কীই–বা করতে পারি? আমি সব দেখি। জানি, প্রতিবাদ করলে কিছুই হবে না। বোধ–জ্ঞানহীন মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না।

ফেসবুক নিয়ে বিড়ম্বনাও কম নয় মিমের
সংগৃহীত

প্রশ্ন :

আর যারা প্রশংসা করে, বিয়ের প্রস্তাব দেয়, তাদের ব্যাপারে মানসিকতা কী?

শৈশব-কৈশোরে আমাদেরও অনেক তারকাকে ভালো লাগত, ভালোবাসার মতো অনুভূতি তৈরি হতো। আসলে মানুষ ক্রাশ খেতেই পারে। সেটা আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ভক্তদের এই পাগলামি ভালোই লাগে।

প্রশ্ন :

ভক্তদের নিয়ে মজার কোনো অভিজ্ঞতা আছে?

কদিন আগে এক ভক্ত আমার বোনকে হুমকি দিয়েছে। সে আমার কাছে পৌঁছতে না পেরে আমার বোনকে বলেছে, আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। না করিয়ে দিলে সে তার ফেসবুক আইডি হ্যাক করবে। আমার মনে হয়, এটা একরকম খ্যাতির বিড়ম্বনা।

প্রশ্ন :

অভিনয়ের ক্ষেত্রে কি কখনো কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে?

কাজের ক্ষেত্রে বোঝাবুঝি তো হয়ই। কেউ ষড়যন্ত্র করলেও হয়তো বুঝতে পারিনি। ভুল বোঝাবুঝি হলে খারাপ লাগে।

প্রশ্ন :

এত দিন কাজের অভিজ্ঞতা কী বলে, বাংলাদেশের বিনোদন অঙ্গনে কি স্বজনপ্রীতি আছে?

আমি সে রকম কিছু গভীরভাবে লক্ষ করিনি। আমাদের ইন্ডাস্ট্রি ছোট। আমরা পরিবারের মতো কাজ করি। স্বজনপ্রীতি আমি দেখিনি।