একটা জীবন বাঁচানোর চেয়ে বড় সফলতা কী হতে পারে
২৪ জানুয়ারি মঙ্গলবার আত্মহত্যাবিরোধী প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন পাখি’র শেষ লটের শুটিং হয়েছে। রাজশাহীর বিভিন্ন লোকেশনে গতকাল চিত্রায়ণে অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পী মুহিন খান, আবু হেনা রনি, সুমনা সরকার, সঞ্জিব আহমেদ, মোহনা মীম ও সুজন হাবিব। শুটিং স্পট থেকে কথা হলো নির্মাতা আসাদ সরকারের সঙ্গে।
প্রশ্ন :
চলচ্চিত্রের বিষয় হিসেবে আত্মহত্যাবিরোধী বিষয়টিকে নির্বাচন করার কারণ কী?
প্রতিদিন পত্রিকার পাতা খুললেই আত্মহত্যার নানা খবর দেখতে পাই, শিশু থেকে শুরু করে ৯০ বছরের মানুষও আত্মহত্যা করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস ক্যাডার কেউই বাদ যাচ্ছেন না। এ নিয়ে সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগ চোখে পড়ে না। অথচ সামান্য একটু কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে মৃত্যুহার কমানো সম্ভব। বলতে পারেন সামাজিক এ দায়বদ্ধতা থেকেই বিষয়বস্তু নির্বাচন।
প্রশ্ন :
তাহলে কি ‘জীবন পাখি’ কাউন্সেলিংয়ের কাজটি করবে?
তা করবে। তবে কোনো নীতিবাক্য বা উপদেশ দিয়ে নয়। চলচ্চিত্রের গল্পের মধ্য দিয়েই তা হবে।
প্রশ্ন :
সাধারণত এ রকম শিক্ষামূলক বা কোনো বার্তাবাহী চলচ্চিত্র ব্যবসাসফল কম হয়। জেনেবুঝে ঝুঁকি কেন নিলেন?
গল্পের বিষয়বস্তু যা–ই হোক, গল্পের গাঁথুনি বা নির্মাণ যেকোনো ব্যবসাসফল চলচ্চিত্রের মতোই। সুতরাং দর্শকের হতাশ হওয়ার সুযোগ নেই। তা ছাড়া চলচ্চিত্রটি যদি একজন মানুষকেও এ রকম সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে পারে, সেটাও কম বড় সফলতা নয়। একটা জীবন বাঁচানোর চেয়ে বড় সফলতা কী হতে পারে।
প্রশ্ন :
চলচ্চিত্রটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না?
চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে বা ওটিটিতে মুক্তির পাশাপাশি বাংলাদেশের প্রতিটি জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। বলতে পারেন, সেটিই মূল উদ্দেশ্য। আমরা চাই, আর কোনো প্রাণ কাউন্সেলিংয়ের অভাবে অকালে চলে না যাক।