একটি গানের স্কুল করার ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার এর আজ ৫০তম জন্মদিন। এই বছর তাঁর পেশাদার সংগীতজীবনের তিন দশক পূর্ণ হচ্ছে। জন্মদিনের আগমুহূর্তে গতকাল সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর।

বাপ্পা মজুমদার

প্রশ্ন :

অভিনন্দন ৫০ বছরের ‘তরুণ’ বাপ্পা মজুমদারকে। বয়সের অর্ধশতকে কেমন লাগছে?

জীবন অনেক সুন্দর। সবাই আমাকে যেভাবে ভালোবাসে, সেটা সব সময় চাই। সবার জন্য প্রার্থনা, সবাই যেন সুস্থ থাকতে পারি।

প্রশ্ন :

স্বাধীন বাংলাদেশের সঙ্গে আপনিও বেড়ে উঠেছেন। দেশের সংগীতাঙ্গনের অনেক পরিবর্তনের সাক্ষী আপনি। আগামী দিনের সংগীতাঙ্গন কেমন হবে?

আমরা যে জেনারেশনের, তারা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি। আমরা ফিজিক্যাল ডিভাইস থেকে ভার্চ্যুয়াল ডিভাইসে চলে এসেছি। তাই আমরা কোনো কোনো ক্ষেত্রে অনেক কিছু বুঝি না। কিন্তু দিন শেষে মিউজিকের বলি, যেকোনো কনটেন্টেরই বলি—আলটিমেট ডেস্টিনেশন ভার্চ্যুয়াল ও ডিজিটাল। প্রথমত, বিষয়টাকে মেনে নিতে হবে। এটাকে মেনে নিয়েই সামনে এগোতে হবে। এই পরিবেশ নিয়ে অনেক কিছু জানা দরকার বলে মনে করি। আমরা অনেক কিছু বুঝতে পারি না, জানতে পারি না। ফিল্ম, গান বা লেখালেখি যে মাধ্যমই হোক—ডিজিটাল ডোমেইন সম্পর্কে আরও বেশি জানা দরকার। একসময় এলপিতে গান শুনেছি, এরপর ফিতা–ক্যাসেট, সিডি, ডিভিডি এবং মিনি ডিস্কে, তারপর মুভি দেখেছি লেজার ডিস্কে। পৃথিবী এমনভাবে এগোচ্ছে, এত দ্রুত এগোচ্ছে যে এসব ক্ষেত্রে আগামী দিনে কী পরিবর্তন আসছে, বলা মুশকিল। পরিবর্তন যা–ই হোক, এর সঙ্গে খাপ খাওয়ানোর মানসিকতা থাকতে হবে।

বাপ্পা মজুমদার

প্রশ্ন :

যত দূর জানি, আপনার মা–বাবা দুজনের কেউই চাননি আপনি সংগীতকে পেশা হিসেবে নেন। কী ভেবে একে পেশা হিসেবে নিলেন?

এক বা দুই বাক্যে ব্যাপারটা বলা কঠিন। তবে আমি মনে করেছি, সংগীতাঙ্গনটাই আমার জায়গা। মিউজিশিয়ানশিপটাকে আমি ওউন করি, রাদার দ্যান চাকরিজীবী বা অন্য যা–ই হোক। আমি মিউজিক ছাড়া তো আর কিছু করি না। এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার। মিউজিক করেই আমি বাঁচি, এটাই আমার পেশা এবং এটাই আমার নেশা। আমার মনে হয়, পেশাগতভাবে মিউজিক করাটা যেমন ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং—তেমনি আনন্দেরও। এখানে অনেক আপস অ্যান্ড ডাউন থাকবেই, এরপরও এটাকেই আপন করে নিতে হবে।

প্রশ্ন :

দলছুট ব্যান্ডে সঞ্জীব চৌধুরী আর বাপ্পা মজুমদার পরিপূরক। সঞ্জীব ছাড়া আপনি সত্যিই দলছুট। এই সময়ে তিনি থাকলে কেমন হতো?

আমার অস্তিত্বের মূল জায়গা দলছুট। আমার আর সঞ্জীবদার যে কেমিস্ট্রি, সেটা তো আর কখনোই ফিরে আসবে না। আমার বিশ্বাস, জীবনের এই ৫০ বছরে যদি সঞ্জীবদা পাশে থাকতেন, দুর্দান্ত হতো। অনেক কিছু হতো, যেটা সঞ্জীবদা চলে যাওয়ার কারণে হয়নি। আমার জীবনে সঞ্জীবদার অনুপস্থিতি সব সময় থাকবে।

প্রশ্ন :

আপনার সংগীতজীবনে সঞ্জীব চৌধুরীর অবদানকে কীভাবে ব্যাখ্যা করবেন?

আমার বাপ্পা মজুমদার হয়ে ওঠার পেছনে দুজন মানুষের অনেক অবদান—একজন হাসান আবিদুর রেজা জুয়েল, আরেকজন সঞ্জীব চৌধুরী। এই দুজনের কারণে আজ আমি এই অবস্থানে। এটা খুব জোর গলায় সারা জীবন বলে যাব।

বাপ্পা মজুমদার

প্রশ্ন :

পণ্ডিত বারীণ মজুমদারের মতো একজন সংগীতজ্ঞের সন্তান হিসেবে আপনি সংগীতাঙ্গনকে যতটা দিতে চেয়েছেন, সেটা পেরেছেন?

দিতে চাওয়া না বলে বলতে চাই, আমি আরও কিছু করতে চাই। সংগীত নিয়ে আমার অনেক ভাবনা আছে, সেগুলো বাস্তবায়ন করতে চাই। অনেক বেশি ফিল্ম ওরিয়েন্টেড কাজ করতে চাই, ফিল্মের স্কোরিং করতে চাই। ভীষণ রকম ইচ্ছা, একটা গানের স্কুল করার।

প্রশ্ন :

তরুণদের জন্য আপনি ‘বিউটিফুল ভয়েজেস’ নামের একটি অ্যালবামের কাজ করেছেন। এর পেছনে আপনার ভাবনাটা কী?

প্রথমত, এটা পুরোপুরি একটা পাগলামি। আমরা যে অবস্থার মধ্যে আছি, এই অবস্থায় গান করাটা দুরূহ, সেই জায়গায় পূর্ণ অ্যালবাম করেছি। দ্বিতীয়ত, আমার পরের প্রজন্মের শিল্পীদের দিয়ে আমার আয়োজনে কয়েকটা গান করতে চেয়েছি। এমন কিছু গান করাতে চাই, যে গানগুলো থেকে যায়। নতুন গান সৃষ্টির তাড়না আমাকে বেশি তাড়িত করেছে। প্রত্যেক শিল্পীর আন্তরিক অংশগ্রহণে আমি ভীষণ সন্তুষ্ট। তারা আমাকে যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছে, এটা আমার সংগীতজীবনের অন্যতম প্রাপ্তি।