একসঙ্গে এত পাওয়া আনন্দের: প্রিয়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মাকসুদা আকতার প্রিয়তি
মাকসুদা আকতার প্রিয়তি

গত বছর পেয়েছিলেন ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাব। মাত্র কদিন আগে ফিরেছেন ‘মিজ আর্থ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে। প্রতিযোগিতায় সেরা পাঁচ-এ জায়গা করে নেওয়ার পাশাপাশি পেয়েছেন তিনটি খেতাব। বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা আকতার প্রিয়তি অংশ নিয়েছিলেন আয়ারল্যান্ডের হয়ে। প্রতিযোগিতা থেকে ফেরার পর গতকাল আয়ারল্যান্ড থেকে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। মুঠোফোনে সাক্ষাৎকার নিয়েছেন হাবিবুল্লাহ সিদ্দিক।

মিজ আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, ঘরে ফিরে কেমন লাগছে?
অনেক ভালো। ১২ দিন পরে আমার দুই সন্তান আবরাজ ও মনিরার সঙ্গে দেখা হলো। আজ সকাল (২১ অক্টোবর) থেকে ওদের সঙ্গে সময় কাটাতে পারছি। এটাই সবচেয়ে বেশি আনন্দের। আর প্রতিযোগিতা নিয়ে যেটা বলব, আমার অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছু শিখতে পেরেছি। এটা আমার জন্য অনেক আনন্দের।

মাকসুদা আকতার প্রিয়তি
মাকসুদা আকতার প্রিয়তি

বিশ্বের সুন্দরীদের জন্য এ প্রতিযোগিতাটি কতটা গুরুত্বপূর্ণ?
সারা বিশ্বে মিস এবং মিজ আর্থ প্রতিযোগিতাটি কিন্তু অনেক জনপ্রিয়। এখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা সুন্দরীরাই অংশ নেন। এবার ৮৭টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। এর মধ্যে কিন্তু ভারতের প্রতিযোগীরাও ছিলেন। মিস ইউনিভার্সের পরেই কিন্তু ‘মিজ আর্থ’কে বিবেচনা করা হয়। তাই সব প্রতিযোগী চান এমন একটি প্রতিযোগিতায় অংশ নিতে।

এ প্রতিযোগিতায় অনেকগুলি ধাপ অতিক্রম করতে হয়েছে, সবচেয়ে কঠিন ছিল কোনটি?

আসলে শুরু হয়েছিল ভোট করার মাধ্যমে। তারপর তহবিল সংগ্রহ থেকে শুরু করে বৃক্ষ রোপণের মতো কাজও করতে হয়েছে। সব মিলিয়ে অনেকগুলি ধাপ আমাদের অতিক্রম করতে হয়েছে। আর প্রতিযোগিতা শুরু হয়েছিল ৮৭ জন থেকে। ধাপে ধাপে এটা কমেছে। এই বিষয়টা হয়েছিল ৮৭ থেকে ৫০ জন সেখান থেকে ২০ জন, তারপর ১০ এবং ৫জন; এ রকম ভাবে। তো, সেরা পাঁচ এ আসার পর আমাদের সমুদ্রে সাঁতার কাটার একটা রাউন্ড ছিল। আমি কিন্তু সাঁতার জানি না এবং সমুদ্রের পাশে থাকলেও কখনো সমুদ্রে নামি নাই। সেই আমি সমুদ্রে নেমে সাঁতার কেটেছি। যদিও আমাদের সবারই লাইফ জ্যাকেট পরতে হয়েছিল। এটা করতে গিয়ে আমি মেরুদণ্ডে ব্যথা পেয়েছি। সেই ব্যথা নিয়েই গ্র্যান্ড ফিনালেতে লড়েছি। আমার কাছে এই ধাপটাই সবচেয়ে কঠিন মনে হয়েছে। এ ছাড়া, সাক্ষাৎকার রাউন্ডটাও বেশ কঠিনই মনে হয়েছে।

বিজয়ী না হতে পেরে নিশ্চয় খারাপ লেগেছে?

খারাপ তো লাগছেই। আমার কাছে মনে হয়েছে আয়োজকদের কিছুটা পক্ষপাতিত্ব ছিল। তারা শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগীদের দিকে ঝুঁকে ছিল। তবে বিচারকেরা আমার অনেক প্রশংসা করেছেন। এ ছাড়া মিজ কমপ্যাশনেট, মিজ বেস্ট গাউন এবং মিজ ফিটনেস খেতাব পেয়েছি। একসঙ্গে এতগুলি পাওয়াও আমার জন্য আনন্দের। সব মিলিয়ে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। সেটা আমার সামনের দিনগুলিতে কাজে লাগবে।

আয়ারল্যান্ডের একটি ছবিতে অভিনয় করেছেন। ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে?

আমার প্রথম চলচ্চিত্র কায়রন ডেভিসের ‘ওয়ান্ডারল্যান্ড’। এর মধ্যে ছবিটির সব কাজ শেষ। এখন মুক্তির অপেক্ষায় আছে। সমস্যা হলো, আয়ারল্যান্ডের সিনেমা মুক্তির ব্যাপারটি পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত। তারা চাইলে যেকোনো সময় মুক্তি দিতে পারে। তবে আগামী এপ্রিলে এখানে একটা উৎসব হবে। পরিচালক চাইছেন ওই উৎসবে চলচ্চিত্রটি মুক্তি পাক। এ ছাড়া, একই পরিচালকের নতুন আরেকটি ছবির শুটিং আগামী বছর শুরু হবে। পুরো বছর জুড়েই চলবে।

বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে আছে?

বাংলাদেশ থেকে অনেকেই যোগাযোগ করছেন। একটা বিষয় নিয়ে আমি কিছুটা বিরক্ত। একবার এসব নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম। তাঁরা ফোন করে শুধু জিজ্ঞেস করে আমি কেমন সম্মানী নেব? পরে চিত্রনাট্য পাঠাতে বললে আর পাঠান না। এমনকি নাম পরিচয়ও ঠিকমতো দেন না।

তবে বাংলাদেশের চলচ্চিত্রে আমার কাজ করার ইচ্ছে আছে। সেটা সময় সুযোগ এবং গল্পের ওপরে নির্ভর করছে।

দেশে আসবেন কবে?

এই মুহূর্তে বলতে পারছি না। মিজ আর্থ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে আর্থিক ও মানসিকভাবে একটা বড় ধাক্কা গেল। সেগুলি আগে সামাল দিই। হুট করে কোনো দিন হয়তো কোনো চ্যারিটির কাজে চলে আসব।