২২ অক্টোবর লন্ডনের ভারতীয় বিদ্যাভবনে নাচ করবেন মণিপুরি নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা। সম্প্রতি নৃত্যনির্দেশক হিসেবে তিনি যোগ দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। নৃত্যচর্চা, সরকারি দায়িত্ব ও নাচের দল ‘ভাবনা’কে কীভাবে সমন্বয় করবেন, সেসব নিয়েই কথা হয় এই শিল্পীর সঙ্গে।

এ বছর লন্ডনে নাচ করতে যাওয়া হচ্ছে তাহলে?
হ্যাঁ, গত বছর নানা কারণে যাওয়া হয়নি। ২২ অক্টোবর সন্ধ্যায় পশ্চিম লন্ডনের ভারতীয় বিদ্যাভবনে সংগীত ও নৃত্যানুষ্ঠানের এই আয়োজন করেছে আনন্দধারা আর্টস। লাইসা আহমদ লিসা ও ইমতিয়াজ আহমদ গাইবেন, আমি নাচ করব।
লন্ডনের দর্শকদের জন্য কী পরিবেশন করবেন?
রবীন্দ্র-নজরুল-মণিপুরি নৃত্যের সমন্বয়ে থাকবে আমার একক পরিবেশনা। কোনো একটি নৃত্যনাট্যের অংশবিশেষ করতে পারি। এ ছাড়া ইমতিয়াজ ভাইয়ের গাওয়া রবীন্দ্রসংগীতের সঙ্গে সরাসরি নাচ করব।
‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ আবার মঞ্চে উঠছে?
শনিবার (আজ) সন্ধ্যায় নীলিমা ইব্রাহিমের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে এই নৃত্যনাট্যের মঞ্চায়ন। ২০০৭ সালে এই নৃত্যনাট্য প্রথম মঞ্চে এনেছিল ‘ভাবনা’। দারুণ প্রশংসা কুড়িয়েছিল এটা।
আপনাদের নৃত্যনাট্য ‘শকুন্তলা’ বেশ প্রশংসা কুড়িয়েছিল। নতুন কাজ শুরু হচ্ছে কবে থেকে?
শুরু করে দিয়েছি। এটা হবে শুদ্ধ মণিপুরি নৃত্যালেখ্য, মিউজিক হয়ে গেছে। ছয়টি ঋতুতে নবরসের অভিব্যক্তিগুলো দেখানো হবে এতে। আমি নিশ্চিত, এ ধরনের কাজ আমাদের এখানে আগে হয়নি। এতে মণিপুরি বাদ্যযন্ত্র বাজিয়েছেন ইম্ফালের শিল্পীরা।
শিল্পকলা একাডেমিতে নৃত্যনির্দেশক হিসেবে যোগ দিলেন। নতুন কিছু করার সুযোগ তৈরি হচ্ছে?
একাডেমির অনেক পরিকল্পনা রয়েছে। আমরা সেসব বাস্তবায়নে কাজ করব। ঢাকায় বা ঢাকার বাইরের জেলাগুলোতে কর্মশালা করানো অথবা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রগুলোতে কাজের সুযোগ পাব হয়তো। শিল্পকলায় বেশ কজন তরুণ শিল্পী যোগ দিয়েছেন, তাঁদের আরও চৌকস করে তোলায় অবদান রাখতে পারব। মোটকথা, একাডেমি এমন কিছু করতে চায়, যাতে দেশ-বিদেশে আমাদের শিল্প-সংস্কৃতি সম্মানিত হয়। সেসবের সহযাত্রী হতে যাচ্ছি।
নাচের ক্ষেত্রগুলো প্রসারিত হওয়ায় ভালো লাগছে আপনাদের?
ভালো লাগছে। কিন্তু গণমাধ্যমগুলোর ব্যাপারে হতাশা কাটেনি এখনো। তারা এখনো রুচিশীল নৃত্যকে দর্শকদের সামনে সঠিকভাবে তুলে ধরছে না। পপ ঘরানার হাত-পা ছোড়া নাচ ও বিকৃত রুচির পোশাক এখনো তাদের কাছে প্রাধান্য পায়। অথচ শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি সুস্থ নৃত্যধারা দিয়েও চমৎকার সব অনুষ্ঠান করা যায়। নেতিবাচকতাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারছি, এটাই স্বস্তির বিষয়।
সাক্ষাৎকার: রাসেল মাহমুদ