এখন অভিনয়ের পাশাপাশি নাচ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদিয়া আহমেদ কাজ করছেন টিভি নাটক আর নাচ নিয়ে। এনটিভিতে শুরু হয়েছে তাঁর নতুন ধারাবাহিক নাটক বাক্সবন্দী। এ ছাড়া আরও কয়েকটি চ্যানেলে প্রচারিত হচ্ছে নাদিয়া অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক। এসব নিয়ে কথা বললেন তিনি
নাদিয়া আহমেদ
নাদিয়া আহমেদ

আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। কোথায় আপনি?
আমি এখন উত্তরায়। জীবনের অলিগলি ধারাবাহিক নাটকের শুটিং করছি। এখানে ফোনের নেটওয়ার্ক খুব ঝামেলা করছে। তাই হয়তো এমনটা হচ্ছে।
এনটিভিতে আপনার একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে...
হ্যাঁ, গতকাল সোমবার থেকে। কিন্তু ব্যস্ততার কারণে প্রথম পর্বটি দেখা হয়নি। ঈদের আগে নাটকটির শুটিং করেছিলাম। অভিনয়জীবনের শুরুতে এই পরিচালকের সঙ্গে কাজ করেছিলাম। নাটকটিতে আমার সহশিল্পী ছিলেন ইমন। এটি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় টিভি নাটক।
দীর্ঘদিন পর এই পরিচালকের কাজ করতে কেমন লাগছে?
আমার যত দূর মনে হয়, নেয়ামূল ভাই পরিচালিত প্রথম নাটকে আমি অভিনয় করেছি। মাঝে পেরিয়ে গেছে অনেক বছর। এত দিনে তিনি বহু নাটক বানিয়েছেন, নির্মাণ করেছেন চলচ্চিত্রও। তিনি এখন অনেক বেশি অভিজ্ঞ। মোটকথা, তাঁর সঙ্গে কাজটি করে আনন্দ পাচ্ছি।
আপনার অভিনয়জীবন কত বছরের?
ছোটবেলা থেকে নাচ করতাম। নাচ নিয়ে অন্য রকম স্বপ্ন ছিল। ২০০০ সালে অভিনেত্রী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। মোহন খান পরিচালিত নাটকটির নাম দূরের মানুষ। শুরুতে একটি-দুটি নাটক করলাম। তবে নাটকে নিয়মিত হই ২০০৪ সাল থেকে। সেই থেকে এখনো চলছে।
নাচ নিয়ে স্বপ্ন ছিল বললেন। এখন নাচ নিয়ে আলাদা কোনো ভাবনা নেই?
অভিনয় নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয়, আলাদাভাবে সময় পাই না। এখন তো অভিনয়ের পাশাপাশি নাচ করি। বিভিন্ন উৎসবে কিন্তু আমার কোনো না কোনো নাচের অনুষ্ঠান থাকে। এবার পুজোয় তেমন কয়েকটি অনুষ্ঠানে নাচে অংশ নেব।

সাক্ষাৎকার: মনজুর কাদের