আগামীকাল দেশজুড়ে মুক্তি পাচ্ছে মিসড কল। সাফি উদ্দীন সাফি পরিচালিত ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর। তবে ছবিতে এই অভিনেতাকে খলনায়ক নয়, দেখা যাবে এমন একটি রূপে, যেভাবে আগে তাঁকে দেখা যায়নি। তাঁর নতুন ছবি, ভিন্নরূপ ও শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বুধবার প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।

যেকোনো ছবিতেই আপনাকে খল চরিত্রে দেখা যায়। এবার সেখান থেকে বেরিয়ে এ ধরনের চরিত্রে কেন অভিনয় করলেন?
একটি দৃষ্টান্ত স্থাপনের জন্যই এই চরিত্রে অভিনয় করা। তৃতীয় লিঙ্গের একজন মানুষের চরিত্রে অভিনয় করে আমি এই সম্প্রদায়ের মানুষকে সম্মান জানাতে চেয়েছি। আমি মনে করি, আমরা সাধারণ নারী-পুরুষেরা একে অন্যকে যে দৃষ্টিতে দেখি, সেই চোখে এ সম্প্রদায়ের মানুষকেও দেখা উচিত। তাদের দাবি ও সংগ্রামগুলো মেনে নিয়ে তাদের স্বীকৃতি দেওয়া উচিত। আমরা সবাই মানুষ, এটাই বড় কথা। ছবিতে এই চরিত্রটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের প্রতিচ্ছবি বলা যায়। এ কারণেই কাজটি করতে উত্সাহিত হয়েছি।
চরিত্রটি কীভাবে ধারণ করলেন?
আমার জন্য এ অভিজ্ঞতা নতুন। প্রথমত দায়বদ্ধতা থেকেই চরিত্রটি ধারণ করেছি। হোমওয়ার্ক করেছি পুরান ঢাকায়। পুরান ঢাকার কিছু বিয়েবাড়িতে এখনো তৃতীয় লিঙ্গের মানুষকে দাওয়াত করা হয়। হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানেও থাকেন তাঁরা। তা ছাড়া পুরান ঢাকার কোনো বাড়িতে নতুন শিশু জন্মালে তাঁরা বাড়িতে আসেন। এ ছাড়া শুটিং করতে গিয়ে থাইল্যান্ড ও হংকংয়ের রাস্তায়ও এ ধরনের মানুষকে দেখেছি। তাঁদের আচার, আচরণ, কথা বলার ভঙ্গি পর্যবেক্ষণ করেই চরিত্রটির প্রস্তুতি নেওয়া।
এই চরিত্রটি করতে গিয়ে তাঁদের মতো সাজতে অস্বস্তি লাগেনি?
না, তা লাগেনি। এ ধরনের চরিত্রে কাজ করতে গেলে অস্বস্তি আসতেই পারে। কিন্তু তা দূর করা শিল্পীর কাজ। প্রতিদিনই শুটিংয়ের আগে দুই ঘণ্টা সময় লাগত মেকআপ করতে। মেয়েদের মতো করে শাড়ি, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি, কানে দুল পরতে হয়েছে। অভিনয়ের জন্য এই সাজে সাজতে খারাপ লাগেনি আমার।
‘মিসড কল’ নিয়ে এ পর্যন্ত কতগুলো ছবিতে কাজ করলেন?
এখন আর অভিনীত ছবির সংখ্যা গুনে রাখি না। তবে দু-তিন বছর আগে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি প্রকাশ করেছিল আমার ৭৫০টি ছবির কথা। এখন হয়তো ৮০০ হবে।
আসছে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন?
হ্যাঁ, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব। চলচ্চিত্রের স্বার্থে আমাদের প্যানেলের স্লোগান হলো, ‘নীতিগতভাবে আমরা এক’। এর আগেও পাঁচ বছর সমিতিতে নির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি ছিলাম। চার বছর ছিলাম সাধারণ সম্পাদক। তফসিল ঘোষণা হলেই তা সবাইকে জানাব। এবার চমক থাকবে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন